অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া জিম্বাবুয়ে এবার স্বাগতিক শ্রীলঙ্কাকেও ধসিয়ে দিল। কলম্বোতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে সিকান্দার রাজার দল। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করে ৪ বল হাতে রেখেই দারুণ এক জয় তুলে নেয় তারা। এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থানে থেকে সুপার এইট নিশ্চিত করল জিম্বাবুয়ে।
ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি একাধিক বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন।
ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে রাজা ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১৭৩.০৮ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কা। বল হাতে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ৩৬ রান খরচ করেন তিনি।
এই পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০তম বার ম্যাচসেরার পুরস্কার জিতলেন সিকান্দার রাজা। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি এই কীর্তি গড়লেন। এর মাধ্যমে তিনি পেছনে ফেললেন ভারতের সূর্যকুমার যাদবকে (বিরাট কোহলি আছেন তৃতীয় স্থানে)। বিশ্বজুড়ে সব দেশের মধ্যে কেবল মালয়েশিয়ার বীরান্দিপ সিং (২২ বার) তার ওপরে আছেন।
এছাড়া আইসিসি ইভেন্টে সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে ম্যাচসেরা হওয়ার রেকর্ডও গড়লেন রাজা। এর আগে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই রেকর্ডের মালিক ছিলেন রোহিত শর্মা।
গ্রুপ পর্বে জিম্বাবুয়ে অপরাজিত থেকেই সুপার এইটে পা রাখল। অস্ট্রেলিয়া, ওমান এবং সবশেষ শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
নির্ধারিত হলো সুপার এইটের লাইনআপ ও সূচি
