বিশ্বকাপ না খেলার দায় স্বীকার আসিফ নজরুলের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিজের ছিল বলে জানিয়েছেন আসিফ নজরুল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

এর আগে একই দিন প্রকাশিত তিন সদস্যের তদন্ত কমিটির ২২ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত কোনো সম্মিলিত আলোচনা বা পরামর্শের ভিত্তিতে নেওয়া হয়নি। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তের ভিত্তিতেই বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি বলে কমিটির অনুসন্ধানে উঠে এসেছে।

তদন্ত কমিটির প্রতিবেদনে কোনো ব্যক্তির নাম সরাসরি উল্লেখ না থাকলেও সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা ‘একক সিদ্ধান্ত’ বলতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টাকেই বোঝানো হয়েছে বলে জানান। কমিটির সদস্যরা আরও বলেন, বিশ্বকাপের মতো আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এককভাবে নেওয়া সমীচীন নয়।

প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পর নিজের অবস্থান তুলে ধরে আসিফ নজরুল বলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত মূলত তারই ছিল এবং তিনি এ কথা আগেও প্রকাশ্যে জানিয়েছেন। তাই দীর্ঘ সময় পর বিষয়টি নিয়ে তদন্ত এবং প্রতিবেদন প্রকাশের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিশ্বকাপে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে আসিফ নজরুল বলেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তার দাবি, দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং জাতীয় নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশ অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ পেতে চেষ্টা করেছিল। এ বিষয়ে কয়েকটি দেশ থেকে সমর্থনও পাওয়া গিয়েছিল বলে জানান তিনি। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগ সফল হয়নি।

আসিফ নজরুল তার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে বলেন, তিনি মনে করেন তখনকার পরিস্থিতিতে বাংলাদেশ সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার পক্ষেও নিজের অবস্থানের কথা জানান তিনি।

তবে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তার আগের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের পার্থক্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রীয় মাঠ উন্নয়নে বিসিবির অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের। সেদিন তিনি এ সিদ্ধান্তকে দেশের ক্রিকেট, ক্রিকেটারদের নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে তাদের আত্মত্যাগ হিসেবে উল্লেখ করেছিলেন।

এর আগে ২২ জানুয়ারিও তিনি নিরাপত্তাঝুঁকির কারণে বাংলাদেশ সরকার ক্রিকেটারদের ভারতে পাঠাচ্ছে না বলে জানিয়েছিলেন। ফলে পরবর্তী সময়ে সিদ্ধান্তটি নিজের বলে উল্লেখ করায় তার আগের বক্তব্যের সঙ্গে নতুন বক্তব্যের পার্থক্য সামনে এসেছে।

এ নিয়ে তখন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন। তিনি আসিফ নজরুলের বক্তব্যের সমালোচনা করে বলেছিলেন, ক্রিকেটারদের ওপর সিদ্ধান্তের দায় চাপানোয় খেলোয়াড়দের সামনে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।

এদিকে তদন্ত কমিটির প্রতিবেদনে বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে প্রক্রিয়াগত দিক থেকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। কমিটির মতে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা এবং ক্রিকেটারদের স্বার্থ বিবেচনা করা প্রয়োজন ছিল।

বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা, কূটনৈতিক পরিস্থিতি ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে কারণ হিসেবে তুলে ধরেছেন আসিফ নজরুল। অন্যদিকে তদন্ত কমিটি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাদের পর্যবেক্ষণ দিয়েছে। এ নিয়ে এখন ক্রীড়া অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এমইউ
আরও পড়ুন