আশরাফুলের মেয়াদ কতো দিনের?

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আবারও কোচিং প্যানেলে পরিবর্তন এসেছে। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরিবর্তে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সোমবার অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্যই আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। অর্থাৎ আপাতত এক সিরিজের জন্যই তার সঙ্গে চুক্তি করেছে বোর্ড।

বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘আশরাফুলের অভিজ্ঞতা এবং কোচিং যোগ্যতা আমরা কাজে লাগাতে চাই। সে লেভেল-থ্রি কোচিং কোর্স শেষ করেছে, ব্যাটিং কোর্স করেছে এবং প্রিমিয়ার লিগ ও বিপিএলে কোচিং করাচ্ছে। তার অভিজ্ঞতা আমাদের ব্যাটারদের জন্য সহায়ক হবে।’

তিনি আরও যোগ করেন, এই পরিবর্তন সালাউদ্দিনের ব্যর্থতার কারণে নয়। ‘সালাউদ্দিন ভাই সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্বে থাকছেন। কাউকে সরানো হয়নি, বরং আশরাফুলকে অতিরিক্ত হিসেবে যুক্ত করা হয়েছে।’

এর আগে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন নিক পোথাস ও ডেভিড হেম্প। তাদের বিদায়ের পর সালাউদ্দিনই ব্যাটিং বিভাগ সামলাচ্ছিলেন। তবে গত এক বছরে বাংলাদেশি ব্যাটারদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না, ফলে নতুন কোচের প্রয়োজনীয়তা অনুভব করে বিসিবি।

জাতীয় দলের সঙ্গে এটাই আশরাফুলের প্রথম কোচিং অভিজ্ঞতা। যদিও ঘরোয়া ক্রিকেটে তিনি ইতিমধ্যে কোচ হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ শুরু হবে ১১ নভেম্বর থেকে। দুটি টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এই সিরিজ দিয়েই জাতীয় দলে কোচ হিসেবে নতুন অধ্যায়ে পা রাখবেন মোহাম্মদ আশরাফুল।

আরও পড়ুন