তাইজুলের জায়গায় ডারবানে উইলিয়ামসন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘এসএ টোয়েন্টি’-তে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু শেষ মুহূর্তে সেই স্বপ্নভঙ্গ হলো তার। ডারবানস সুপার জায়ান্টস দলে তাইজুলের জায়গায় যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন।

ক্রিকেটভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, তাইজুলের পরিবর্তে উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস। তবে কেন তাইজুলের খেলা হচ্ছে না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি বা আয়োজকরা।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসএ টোয়েন্টির চতুর্থ আসরের নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটারের নাম থাকলেও, দল পেয়েছিলেন কেবল তাইজুলই। ডারবান তাকে কিনেছিল ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‌্যান্ডে-বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকায়। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটারের এই লিগে জায়গা পাওয়াই ছিল বড় এক অর্জন।

কিন্তু সেই অর্জনের গল্প শেষ হয়ে গেল মাঠে নামার আগেই। ডারবান এখন তাইজুলের পরিবর্তে দলে ভিড়িয়েছে উইলিয়ামসনকে, যিনি গত আসরেও এই দলের হয়ে খেলেছিলেন এবং করেছিলেন সর্বোচ্চ ২৩৩ রান। গত মৌসুমে ছয় দলের মধ্যে ষষ্ঠ হয়েছিল ডারবানস সুপার জায়ান্টস। তবু এবার নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, পরে আবারও ফিরিয়ে নিল তারা।

উইলিয়ামসন সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং গত মাসে আইপিএলের একই মালিকানার দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে তাইজুল ব্যস্ত আছেন বাংলাদেশ টেস্ট দলের হয়ে আয়ারল্যান্ড সিরিজে।

ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে এসএ টোয়েন্টির চতুর্থ আসর, যা চলবে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তার এক সপ্তাহ আগেই শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। গতবার ফরচুন বরিশালের হয়ে খেলা তাইজুল এবার কোন দলে থাকবেন, তা জানা যাবে ১৭ নভেম্বরের খেলোয়াড় ড্রাফটের পর।

আরও পড়ুন