বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। রাজধানীর এক অভিজাত হোটেলে সকালেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫—এক ছাতার নিচে দেশের ক্রিকেটের সব স্তরকে একত্রিত করার অভূতপূর্ব উদ্যোগ।
দুই দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন দেশের ৬৪ জেলার ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ৮ বিভাগের ক্রীড়া কর্মকর্তা। আয়োজনটির লক্ষ্য দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণ, তৃণমূল কাঠামোর উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে বিসিবির কার্যক্রমের প্রসার ঘটানো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাবিবুল বাশার বলেন, ‘ক্রিকেট বিকেন্দ্রীকরণের জন্য প্রতিটি জেলায় পৌঁছাতে হবে। শুধু পরিকল্পনা নয়, মাঠের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ জানাও জরুরি। এই কনফারেন্সের মাধ্যমে আমরা সেই সুযোগ পাচ্ছি।’
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনফারেন্সের প্রথম দিনে আঞ্চলিক প্রতিনিধিরা তাদের নিজস্ব অভিজ্ঞতা, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরবেন। দিনের গুরুত্বপূর্ণ সেশনগুলোতে থাকবে বিসিবির চার্টার, আঞ্চলিক কাঠামোর ক্ষমতায়ন, তৃণমূল ক্রিকেট থেকে প্রতিযোগিতামুখী ক্রিকেটে উন্নতির পথনকশা এবং বিকেন্দ্রীকরণ কৌশল। এছাড়া নেতৃত্ব বিকাশ, নারী ক্রিকেটের অগ্রগতি এবং অংশগ্রহণমূলক শিক্ষামূলক কার্যক্রম নিয়েও আলোচনা হবে।
সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নেটওয়ার্কিং সেশন ও ‘বাংলাদেশ ক্রিকেটের চেতনা’ উদযাপনমূলক বিশেষ অনুষ্ঠান, যেখানে দেশের ক্রিকেট সংস্কৃতি, ইতিহাস ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরা হবে।
দ্বিতীয় দিনে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক ক্রিকেটের রূপরেখা, এবং সরকারি সহায়তা বৃদ্ধি। পাশাপাশি নৈতিকতা ও দুর্নীতিবিরোধী কার্যক্রম বিষয়ক সেশনে গুরুত্ব পাবে সততা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার।
এক ভিডিও বার্তায় জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস বলেন, ‘এটি বিসিবির অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমি বিশ্বাস করি, এই কনফারেন্স থেকে যে অভিজ্ঞতা ও পরিকল্পনা আসবে, তা বাংলাদেশের ক্রিকেটকে আরও বিস্তৃত ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে।’

