সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে টানা তিন ম্যাচেই জয়ের স্বাদ পেলো পিটার বাটলারের শিষ্যরা।

বুধবার (৪ফেব্রুয়ারি) পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ‍নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ পর্বের সবগুলো ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকেই ফাইনাল খেলবে লাল-সবুজের মেয়েরা।

শনিবার (৭ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে গ্রুপ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়া ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। এর আগে, গ্রুপ পর্বের ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ২-০ ব্যবধানে জিতেছিল বাংলার মেয়েরা।

ফাইনাল প্রায় নিশ্চিত হওয়ায় এদিন একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে স্বাগতিক নেপালের বিপক্ষে গোল পেতে সময় লাগেনি। ম্যাচের তৃতীয় মিনিটে মামনি চাকমার কর্ণার নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসে গ্রিপে নিতে পারেননি। বক্সের উপর থাকা প্রতিমা মুন্ডা প্লেসিং করে গোল করেন।

পিছিয়ে পড়ার পর নেপাল খেলায় ফেরার চেষ্টা করে। বাংলাদেশকে চাপে ফেলে কয়েকটি আক্রমণ করে। প্রথমার্ধের মাঝামাঝি সময় কোচ শান্তি মারডি ও আলপি আক্তারকে নামান। আলপি নামার পর আবার খেলায় পরিবর্তন আসে। প্রথমার্ধের ইনজুরি সময়ে আলপির গোলে বাংলাদেশ ২-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

নেপাল দ্বিতীয়ার্ধে আর খেলায় ফিরতে পারেনি। আলপি কাউন্টার অ্যাটাক থেকে দারুণ দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান বাড়ান। এরপর বাংলাদেশ আরেক গোল করলে ব্যবধান ৪-০ হয়। ম্যাচের অন্তিম মুহূর্তে বক্সের একটু সামনে আলপির নেয়া ফ্রি কিক নেপাল গোলরক্ষক দারুণভাবে সেভ করায় হ্যাটট্রিক মিস হয়।

উল্লেখ্য, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তিন ম্যাচে ১৮ গোল করেছে। পক্ষান্তরে কোনো গোল হজম করেনি। ৭ ফেব্রুয়ারি ফাইনালের প্রতিপক্ষ ভারতকে রাউন্ডর রবিন লিগে ২-০ গোলে হারানোর অভিজ্ঞতা থাকায় মানসিকভাবে অর্পিতারা এগিয়ে থাকবেন।

SR
আরও পড়ুন