বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

আপডেট : ২২ মে ২০২৬, ০২:৫৮ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিতে আজ শুক্রবার (২২ মে) সকাল ৯টায় ঢাকা এসে পৌঁছেছেন থমাস ডুলি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার মতো প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি নির্ধারিত হোটেলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে নতুন এই কোচকে অভ্যর্থনা জানান।

থমাস ডুলি বাংলাদেশে পা রাখার পরপরই বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তাকে নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি দেশের মূলধারার গণমাধ্যমগুলোতেও এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে ফেডারেশন। ডুলির কাঁধেই যে বাংলাদেশ দলের দায়িত্ব উঠছে—তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে বাফুফে আগে থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে, তিনি ঢাকায় পৌঁছানোর পরই বিষয়টি সবাইকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

এর আগে বাফুফে ২ বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপর আড়াইশ’র বেশি সিভি থেকে একটি বিশেষ বাছাই কমিটি ২২ জনের তালিকা জাতীয় দল কমিটিকে দেয়। সেখান থেকে ১১ জনের আরেকটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। ওই ১১ জনের সাক্ষাৎকার নেয় ফেডারেশনের কর্তারা। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বেশি থাকলেও পরবর্তীতে এজেন্ট ফি নিয়ে জটিলতায় আর হয়নি। এরপর স্টোকসের পরিবর্তে ডুলিকে বেছে নিয়েছে বাফুফে। 

বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে ডুলি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং দেশটি ১৯৯৪ বিশ্বকাপে অংশ নিয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

কোচ ডুলি একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং এশিয়ান ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা। তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং।সবশেষ গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন ডুলি। তার অধীনে গায়ানা চার ম্যাচের সবকটিতেই জয় পায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে, যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলিকে নিয়োগ দিয়ে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত। বাফুফে মনে করে, বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়েই এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি।

YA
আরও পড়ুন