বিশ্বকাপে এবার ড্রোন আতঙ্ক

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৮:০৩ পিএম

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্বস্তিকর এক ঘটনার মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের প্রস্তুতির সময় দলটির অনুশীলন ক্যাম্পের আকাশে সন্দেহজনক একটি ড্রোন দেখা যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে ফুটবলার ও কোচিং স্টাফদের মধ্যে।

শুক্রবার (১৯ জুন) মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করছিল দক্ষিণ কোরিয়া। ঠিক সেই সময় ক্যাম্পের কাছাকাছি এলাকায় একটি ড্রোন উড়তে দেখা যায়। পরে মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তির সাহায্যে ড্রোনটি নিষ্ক্রিয় করে নিচে নামিয়ে আনে।

তবে ড্রোনটি কেন সেখানে ছিল, কারা পরিচালনা করছিল কিংবা এর উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার কৌশল বা অনুশীলনের তথ্য সংগ্রহের জন্য এটি পাঠানো হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি নাশকতা কিংবা নিরাপত্তা ঝুঁকির কোনো বিষয় জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিউং বো। তিনি জানান, ড্রোনটি দেখা যাওয়ার ঘটনায় দলের প্রস্তুতিতে প্রভাব পড়েছে।

হং মিউং বো বলেন, ‘গতকাল আমাদের প্রস্তুতির সময় আকাশে ড্রোনটি দেখা যায়। সৌভাগ্যবশত তখনও আমরা অনুশীলন শুরু করিনি। এটি আমাদের শিবিরের তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল কি না, তা জানি না। তবে ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত সৃষ্টি করেছে।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে মেক্সিকো। অন্যদিকে চেকিয়াকে পরাজিত করে শুভসূচনা করেছে দক্ষিণ কোরিয়াও। ফলে দুই দলের মধ্যকার আসন্ন লড়াইটি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: ইএসপিএন, দ্য গার্ডিয়ান

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত