বিশ্বকাপ খেলেই চিরবিদায় দক্ষিণ আফ্রিকার ফুটবলারের

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে দেশের স্বপ্ন বয়ে নেওয়া তরুণ মিডফিল্ডার জেডেন অ্যাডামস আর নেই। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হয়নি, বিষয়টি তদন্ত করছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকা ও মামেলোদি সানডাউন্সের মিডফিল্ডার জেডেন অ্যাডামস শনিবার ২৫ বছর বয়সে মারা গেছেন। কয়েক সপ্তাহ আগেই তিনি ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন। টুর্নামেন্টে তিনি দলের তিনটি গ্রুপ ম্যাচেই মাঠে নামেন। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠলেও রাউন্ড অব ৩২-এ সহ-আয়োজক কানাডার কাছে হেরে বিদায় নেয়।

দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন, দেশের ফুটবল এক উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। তিনি সবাইকে মৃত্যুর কারণ নিয়ে কোনো ধরনের গুজব বা জল্পনা না ছড়িয়ে অ্যাডামসের পরিবার ও ক্লাবকে এই কঠিন সময়ে ব্যক্তিগত পরিসর দেওয়ার আহ্বান জানান।

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কেপ টাউনের কেন্দ্রীয় এলাকার শটসচেকলোফ-এর একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

২০২৬ বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিজের দাদির মৃত্যুর খবর পেয়েও অ্যাডামস মাঠে নেমেছিলেন। ২০২২ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এই মিডফিল্ডার ২০২৫ সালের জানুয়ারিতে স্টেলেনবশ এফসি ছেড়ে মামেলোদি সানডাউন্সে যোগ দেন। সেখানে তিনি লিগ শিরোপা ও আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। এছাড়া ২০২৪ আফ্রিকা কাপ অব নেশনসে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা দলেও তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন এক বিবৃতিতে জানায়, অ্যাডামসের অকাল মৃত্যু তাঁর পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন এবং পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর প্রতিভা ও দেশের প্রতি অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Attr/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত