বিশ্বকাপে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেছে ফ্রান্সের। ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে ২–০ গোলের জয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। ম্যাচ শেষে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।
এল সালভাদরের রেফারি ইভান বার্তনের পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দেশম বলেন, “এই রেফারির কি আদৌ বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচ পরিচালনা করার যোগ্যতা আছে? এখন কিছু বললে মনে হবে হেরে গিয়ে কাঁদছি। তবে এটা শুধু পেনাল্টির বিষয় নয়; অনেকগুলো ভুল সিদ্ধান্তের সমষ্টি। উত্তরটা আমি না, আপনারাই দিন।”
দেশমের অভিযোগ, ম্যাচে কয়েকটি ফাউল ও শারীরিক সংঘর্ষের ঘটনায় রেফারির সিদ্ধান্ত তাঁর কাছে বোধগম্য হয়নি। ৫৭ বছর বয়সী এই কোচ বলেন, “আমি রেফারির সব সিদ্ধান্ত বুঝতে পারিনি। কিছু পরিস্থিতিতে মনে হয়েছে সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষে গেছে।”
তবে ম্যাচের ফল নিয়ে কোনো বিতর্ক রাখেননি ফ্রান্সের এই কোচ। তাঁর ভাষায়, “স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা অনেক ভুল করেছি। বলের দখল ও কৌশলগত দিক থেকে তারা এগিয়ে ছিল।”
ম্যাচজুড়ে স্পেনের সংগঠিত রক্ষণ ও নিয়ন্ত্রিত আক্রমণের বিপরীতে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেনি কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলের মতো ফরাসি তারকারা। পুরো ম্যাচেই আক্রমণে কার্যকর হওয়ার সুযোগ খুব কমই পেয়েছে ফ্রান্স।
প্রথমার্ধে মিকেল ওইয়ারজাবালের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরো ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্প্যানিশরা। ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা।
অন্যদিকে সেমিফাইনালে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী শনিবারের সেই ম্যাচই দেশমের অধীনে ফ্রান্সের শেষ ম্যাচ হতে যাচ্ছে।
স্পেনের জোড়া গোলে পিছিয়ে গেলো ফ্রান্স
ইয়ামালের হেডব্যান্ডে ‘০৮৩০৪’ কিসের বার্তা!
বাংলাদেশের সমর্থকদের নিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ