ফিফা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচকে দায়িত্ব দিয়েছে। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে ৪৬ বছর বয়সী এই রেফারি দায়িত্ব পালন করবেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফিফা ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে।
ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তাঁরই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে ইউরোপীয় ও আন্তর্জাতিক ফুটবলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে আসছেন ভিনচিচ। ক্লাব ফুটবলে তাঁর অন্যতম উল্লেখযোগ্য দায়িত্ব ছিল ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, যেখানে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ পরিচালনা করেন তিনি।
বিশ্বকাপে ভিনচিচের অভিষেক হয় ২০২২ সালের কাতার আসরে। সে সময় দুটি ম্যাচ পরিচালনার পর ২০২৬ বিশ্বকাপে এরই মধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো এবং জর্ডান-আলজেরিয়ার ম্যাচের পাশাপাশি শেষ ষোলোতে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচেও ছিলেন ম্যাচ রেফারি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল হবে তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ দায়িত্ব।
আর্জেন্টিনার ম্যাচে এর আগে মাত্র একবার দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচে শুরুতেই লিয়ান্দ্রো পারেদেসের ওপর ফাউলের ঘটনায় পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি। সেই পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে ৩৬ ম্যাচের অপরাজিত থাকার ধারার ইতি ঘটে আর্জেন্টিনার। ম্যাচটিতে সৌদি আরবের ছয় খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কোনো খেলোয়াড় সতর্কবার্তা পাননি।
স্পেনের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তুলনামূলকভাবে বেশি রয়েছে ভিনচিচের। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে স্পেনের ম্যাচে তাঁর দায়িত্ব পালনের শুরু। পরে ২০২০ ইউরোতে স্পেন-সুইডেন ম্যাচ এবং ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালি ম্যাচও পরিচালনা করেন তিনি।
এ ছাড়া ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির বিপক্ষে স্পেনের ১-০ ব্যবধানে জয় এবং সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারানোর ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন ভিনচিচ। ফ্রান্সের বিপক্ষে সেই সেমিফাইনালেই লামিনে ইয়ামালের দুর্দান্ত দূরপাল্লার গোল বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল।
আবেগ ধরে রাখতে পারলেন না বেকহ্যাম, সান্ত্বনা দিলেন স্ত্রী
৪৯ লাখ ডলারে বিক্রি হলো পেলের বিশ্বকাপজয়ী জার্সি
সমালোচকদের কড়া জবাব দিলেন মেসি