ইসরায়েলের বিপক্ষে খেলবেন না আয়ারল্যান্ডের গোলরক্ষক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের বিপক্ষে আয়ারল্যান্ডের উয়েফা নেশনস লিগের ম্যাচে খেলবেন না দেশটির গোলরক্ষক গ্যাভিন বাযুনু। নিরপরাধ মানুষের হত্যার বিরুদ্ধে নিজের অবস্থান থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাযুনু বলেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাঁর বিশ্বাস ও নৈতিক অবস্থান থেকে ইসরায়েলের বিপক্ষে আসন্ন ম্যাচে অংশ নেওয়া তাঁর পক্ষে সঠিক হবে না।

বাযুনু বলেন, “নিরপরাধ মানুষকে হত্যা করা ভুল—এই ব্যক্তিগত বিশ্বাসের ওপর ভিত্তি করেই আমার সিদ্ধান্ত।” তিনি আরও বলেন, জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন নিজের চেয়ে বড় কোনো বিষয়ের পক্ষে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায়। তাঁর বিশ্বাস, এটিও তেমন একটি মুহূর্ত।

আয়ারল্যান্ডের গোলরক্ষক আরও স্পষ্ট করে বলেন, তাঁর অবস্থান ইসরায়েলি জনগণ বা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; বরং তিনি ওই অঞ্চলে সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বাযুনুর সিদ্ধান্তের পরও আয়ারল্যান্ড ও ইসরায়েলের ম্যাচটি বাতিল হয়নি। আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা বৈঠক করে ম্যাচটি খেলার পক্ষে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতায় ভোট দিয়েছেন বলে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড জানিয়েছে। ম্যাচটি হাঙ্গেরির দেবরেসেনে অনুষ্ঠিত হওয়ার কথা।

বাযুনুর সিদ্ধান্তের আগে দলের মধ্যে ম্যাচটি ঘিরে দীর্ঘ আলোচনা হয়। তাঁর পাশাপাশি আরও কয়েকজন খেলোয়াড় ম্যাচে অংশ নেওয়া নিয়ে অস্বস্তি প্রকাশ করতে পারেন বলে আগের প্রতিবেদনে বলা হয়েছিল। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে বাযুনুই দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন।

ম্যাচকে ঘিরে আয়ারল্যান্ডে রাজনৈতিক ও সামাজিক বিতর্কও রয়েছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এর আগে আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলের অংশগ্রহণ স্থগিত করার জন্য উয়েফার কাছে আবেদন করেছিল। তবে সেই আবেদন গৃহীত হয়নি।

বাযুনুর সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বিতর্ক ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। আয়ারল্যান্ডের দল ম্যাচটি খেললেও বাযুনুর ব্যক্তিগত অবস্থান ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে এসেছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত