হাতির ভয়ে লেজ গুঁটিয়েছে বাঘ!

আপডেট : ০২ মে ২০২৩, ০৩:২৯ পিএম

খবর সংযোগ ডেস্ক : সিংহ, বাঘ ও হাতি। এই তিনটির মধ্যে কে জঙ্গলের রাজা? সবাই একবাক্যে বলবেন সিংহ। কেউ কেউ বলবেন জঙ্গলে সিংহ ও বাঘ পরস্পরের দাপট কিন্তু কম নয়। তারপরও প্রশ্ন থেকে যায় আসলেই কে জঙ্গলের সেরা।

সম্প্রতি দেড় মিনিটের ভাইরাল হওয়া এক ভিডিও জঙ্গলের রাজা সম্পর্কে নতুন প্রশ্ন সামনে নিয়ে এসেছে। ভিডিওতে দেখা গেছে, হাতির পালকে জঙ্গলের রাস্তা পার হতে দেখে লেজ গুটিয়ে পথ ছেড়ে দেয় বাঘ। অবশ্য পারস্পারিক বোঝাপড়ার নিদর্শন রেখেছে হাতির পালও। তারা বাঘের দিকে তেড়ে যায়নি।

ভাইরাল ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিত্রগ্রাহক বিজেতা সিনহা। পরে তা টুইটারে শেয়ার করেন ভারতের বন দপ্তরের কর্মকর্তা সুশান্ত নন্দ। তাতে দেখা গেছে, জঙ্গলের মাঝে সরু রাস্তা। আর সেই রাস্তা পার হচ্ছে এক দল হাতি। তখনই সেখানে হাজির হয় একটি বাঘ। ঘটনাচক্রে মুখোমুখি হয়ে যায় হাতি ও বাঘ। যদিও তাদের মধ্যে দ্বন্দ্ব বাধেনি।

ভিডিওতে দেখা গেছে, হাতির পালকে দেখেই ঘাবড়ে যায় বাঘটি। লেজ গুটিয়ে বসে পড়ে রাস্তার একপাশে অপেক্ষা করে। এক এক করে হাতির পাল রাস্তা পার হওয়ার পর বাঘ উঠে হাঁটতে গিয়ে থমকে পড়ে। ঠিক ওই সময় পেছনে পড়া পালের আরও একটি হাতি এসে পড়ে। শান্ত ভাবে তাকেও জায়গা ছেড়ে দেয় বাঘটি।

সুশান্ত নন্দ তাঁর পোস্টে লিখেছেন, ‘কীভাবে প্রাণীরা জঙ্গলে বোঝাপড়া করে চলে বাঘের গন্ধ পেয়ে শুঁড় দুলিয়ে আওয়াজও করেছে হাতি। তবে কেউ কারও দিকে তেড়ে যায়নি’। তবে বাঘটি যে ভয় পেয়ে লেজ গুটিয়ে রাস্তার একপাশে স্থির হয়ে বসেছিল, তা কিন্তু ভিডিওতে দেখা গেছে। সূত্র : ইন্ডিয়া টুডে, হিন্দুস্থান টাইমস।

#এসএ

আরও পড়ুন