ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। প্রিয়জনদের সঙ্গে ভোট দিতে নাড়ির টানে গ্রামের দিকে ছুটছে লাখো মানুষ। যাতায়াতের এই ভিড়ে দেশের কিছু স্থানে মোবাইল কল ড্রপ বা নেটওয়ার্ক বিভ্রাটের অভিযোগ পাওয়া গেলেও সরকার ও মোবাইল অপারেটররা নিশ্চিত করেছে ভোটের দিন ইন্টারনেট ও টেলিকম সেবা থাকবে সম্পূর্ণ নিরবচ্ছিন্ন।
২৪ ঘণ্টা সক্রিয় থাকবে বিশেষ সাপোর্ট টিম প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ মানের নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করতে অপারেটরদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধানে মাঠ পর্যায়ে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে ‘স্পেশাল সাপোর্ট টিম’।
তিনি আরও স্পষ্ট করেন যে, এবারের নির্বাচনে নেটওয়ার্কে কোনো প্রকার বাধা বা ‘জ্যামার’ ব্যবহার করা হবে না। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় নেটওয়ার্ক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রাখা হচ্ছে।
মোবাইল অপারেটরদের প্রস্তুতি দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরগুলো নিরবচ্ছিন্ন সেবার বিষয়ে অভয় দিয়েছে:
- গ্রামীণফোন: নেটওয়ার্ক সেবা স্বাভাবিক রাখতে একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করেছে প্রতিষ্ঠানটি।
- রবি: গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি ব্যাকআপ পাওয়ার ও টেকনিক্যাল টিম প্রস্তুত রেখেছে।
- বাংলালিংক: বিটিআরসি ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক অপটিমাইজেশনের কাজ শেষ করেছে।
ব্রডব্যান্ড সেবা নিয়ে দুশ্চিন্তা নেই মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড সংযোগ নিয়েও ভোটারদের আশ্বস্ত করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম জানান, নির্বাচনের সময় কোথাও যাতে ইন্টারনেটের গতি কমে না যায়, সেজন্য অধিক সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়েছে। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, ব্রডব্যান্ড ব্যবসায়ীরা আগামী দুই দিন বিশেষ সতর্ক অবস্থায় থাকবেন।
ঘরে বসেই এনআইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে
