আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকে নতুন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আইসিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। আমাদের লক্ষ্য হলো দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ করা এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা। নতুন সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায়। তাই দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই আমরা জনগণের প্রত্যাশা পূরণ করব।’
প্রধানমন্ত্রী কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, ‘একটি নতুন ভিশন এবং নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নিতে হবে। আমি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সরকারি নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দিচ্ছি।’
অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, আইসিটি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে কাজ করছে। বর্তমানে ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ৪৫০টির বেশি ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ ইনোভেশন এবং সাইবার নিরাপত্তা জোরদারে বিভাগটি নিরলস কাজ করে যাচ্ছে। তিনি মন্ত্রীর দিকনির্দেশনায় একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী আইসিটি বিভাগের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
সিন্ডিকেট নিয়ে ‘সাউন্ডবাইট’ দেব না, কাজ করে দেখাব: বাণিজ্যমন্ত্রী
নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী
