নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম

দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং নকল ও প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল ও প্রশ্নপত্র ফাঁস আর ফিরে আসবে না। অতীতে আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি, তখনও নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছিলাম। এবারও কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গণে শতভাগ শৃঙ্খলা বজায় রাখা হবে।’

শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান যুগ 'গ্লোবাল ভিলেজ'-এর যুগ। তাই আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তুলতে হবে। কারিকুলাম পর্যালোচনা করে ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবটিক্স শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অতীতে কে কী করেছে তার দায়ভার আমরা নেব না। তবে আমার সময়ে কোনো দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না।’ এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান।

বেসরকারি শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবির বিষয়ে আ ন ম এহসানুল হক মিলন জানান, সরকার এ বিষয়ে অবগত আছে এবং সময়মতো এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। তিনি নতুন শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

DR
আরও পড়ুন