শিশুদের নিরাপত্তায় যুক্তরাজ্যের কড়া নির্দেশ

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো। অনেক প্ল্যাটফর্ম নিজেদের নির্ধারিত ন্যূনতম বয়সসীমা কার্যকরভাবে প্রয়োগ করতে ব্যর্থ হওয়ায় দেশটিতে কঠোর নিয়ম আনা হচ্ছে।

যুক্তরাজ্যের গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’ (Ofcom) এবং তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ‘ইনফরমেশন কমিশনারস অফিস’ (ICO) বড় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে এ বিষয়ে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে।

সংস্থাগুলো জানিয়েছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্ল্যাটফর্মে বয়স যাচাই ব্যবস্থা আরও কঠোর করতে হবে। একই সঙ্গে শিশুদের জন্য ক্ষতিকর বা আসক্তিমূলক কনটেন্টের ঝুঁকি কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। মূলত যুক্তরাজ্যের নতুন ‘অনলাইন নিরাপত্তা আইন’ (Online Safety Act) বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম ছাড়াও টিকটক, স্ন্যাপচ্যাট, রোবলক্স এবং ইউটিউবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের জানাতে হবে যে, তারা কীভাবে বয়স যাচাই প্রক্রিয়া আরও উন্নত ও কঠোর করবে।

এছাড়া শিশুদের সঙ্গে অপরিচিত ব্যক্তিদের যোগাযোগ সীমিত করা, নিউজফিডকে নিরাপদ রাখা এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর নতুন কোনো পণ্যের পরীক্ষামূলক ব্যবহার বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

অফকমের প্রধান নির্বাহী বলেন, ‘এই অনলাইন সেবাগুলো এখন প্রতিটি পরিবারের অংশ। কিন্তু অনেক ক্ষেত্রে তারা শিশুদের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে না। এই পরিস্থিতি দ্রুত বদলাতে হবে, অন্যথায় অফকম কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তারা ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বয়স শনাক্তকরণসহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা চালু রেখেছে। তবে ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থাগুলোর মতে, এসব পদক্ষেপ পর্যাপ্ত নয়।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী, এই নিয়ম ভঙ্গ করলে অফকম সংশ্লিষ্ট কোম্পানির বার্ষিক বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ এবং আইসিও ৪ শতাংশ পর্যন্ত জরিমানা করার ক্ষমতা রাখে।

NB
আরও পড়ুন