ওয়াইফাই সিস্টেমে চার্জিং প্রযুক্তিতে দুই বাংলাদেশির সাফল্য

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

ভবিষ্যতে ফোন চার্জ দেওয়ার জন্য আর কোনো ক্যাবল বা তারের প্রয়োজন হবে না; বরং ওয়াইফাইয়ের মতো নির্দিষ্ট সীমানার মধ্যে থাকলেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে ইলেকট্রনিক ডিভাইস। ‘ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার’ বা তারবিহীন বিদ্যুৎ স্থানান্তর গবেষণায় এমনই অভাবনীয় সাফল্য দেখিয়েছেন দুই বাংলাদেশি তরুণ গবেষক- ড. সাইদুল আলম চৌধুরী এবং ইউশা আরাফ। নিউজিল্যান্ডের অকল্যান্ডে ‘রিজোলিংক’ (Resolink) নামক একটি প্রতিষ্ঠান গড়ে তুলে এবার বাণিজ্যিকভাবে নিজেদের যাত্রা শুরু করেছেন তারা।

নিউজিল্যান্ডে বাংলাদেশি মালিকানাধীন প্রথম ওয়্যারলেস পাওয়ার কোম্পানি হিসেবে পরিচিতি পেয়েছে ‘রিজোলিংক’। এই অসাধ্য সাধনের কারিগর হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে (EEE) স্নাতক সম্পন্ন করা গবেষক ড. সাইদুল আলম চৌধুরী। তিনি গত এক বছর ধরে ‘স্মার্ট পাওয়ার বক্স’ নামক বিশেষ ওয়্যারলেস চার্জিং ডিভাইস নিয়ে কাজ করছেন। আরেকজন হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) থেকে জেনেটিক্সে স্নাতক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা ইউশা আরাফ। তিনি বর্তমানে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি করছেন।

সহ-প্রতিষ্ঠাতা ইউশা আরাফ জানান, রিজোলিংকের মূল লক্ষ্য কেবল খুচরা পণ্য বিক্রি নয়, বরং বিশ্বখ্যাত ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর জন্য উচ্চমানের প্রযুক্তিগত সমাধান (Industrial Solution) তৈরি করা। তারা মূলত উন্নত গবেষণা এবং প্রযুক্তির সফল বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক ইলেকট্রনিক পণ্যের মান উন্নয়নে কাজ করছেন। তাদের তৈরি প্রযুক্তি ইতোমধ্যে বিভিন্ন শিল্প পর্যায়ে ব্যবহারের জন্য প্রশংসিত হচ্ছে।

বিদেশে বিশ্বমানের সাফল্য পেলেও ড. সাইদুল ও ইউশার হৃদয়ে রয়েছে প্রিয় মাতৃভূমি। ভবিষ্যতে তারা বাংলাদেশে আইওটি (IoT) ডিভাইস, স্মার্ট হাসপাতাল এবং স্মার্ট হোম কনসেপ্ট নিয়ে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছেন। সাশ্রয়ী এবং টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনাই তাঁদের মূল লক্ষ্য।

তারবিহীন বিদ্যুৎ স্থানান্তর প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে তারের জঞ্জাল চিরতরে দূর করবে। স্মার্টফোন থেকে শুরু করে গৃহস্থালির সকল ইলেকট্রনিক পণ্য ওয়াইফাইয়ের মতো একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকলেই পাওয়ার সাপ্লাই পাবে। বাংলাদেশি এই দুই মেধাবীর হাত ধরে প্রযুক্তির এই নতুন সম্ভাবনা এখন বিশ্বজয়ের পথে।

FJ
আরও পড়ুন