মানবসদৃশ রোবট তৈরির পথে টেসলার বড় বাধা ‘হাত’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

মানুষের মতো দেখতে এবং বিভিন্ন কাজ করতে সক্ষম হিউম্যানয়েড রোবট তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে টেসলা। তবে অপটিমাস রোবটের উৎপাদন বড় পরিসরে বাড়াতে গিয়ে নানা জটিলতার মুখে পড়েছে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠান। বিশেষ করে রোবটের জটিল কাঠামো ও মানবসদৃশ হাত তৈরির প্রক্রিয়া উৎপাদন বাড়ানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ইনফরমেশন।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে অপটিমাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে টেসলা। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যেখানে সপ্তাহে কয়েক ডজন রোবট তৈরি করা হচ্ছিল, বর্তমানে তা বেড়ে কয়েক শতে পৌঁছেছে। তবে এই উৎপাদন আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সরবরাহকারীদের সক্ষমতার সীমাবদ্ধতা, স্বয়ংক্রিয় যন্ত্রপাতিতে ত্রুটি এবং রোবটের হাত সংযোজনের জটিল প্রক্রিয়া সব মিলিয়ে উৎপাদন ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। টেসলার লক্ষ্য, বছরের শেষ নাগাদ প্রতি সপ্তাহে ১ হাজার অপটিমাস রোবট উৎপাদনে যাওয়া। পরবর্তী সময়ে এই সক্ষমতা সপ্তাহে ২০ হাজার রোবটে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্রিমন্ট কারখানায় অপটিমাসের তৃতীয় সংস্করণ তৈরি করা হচ্ছে। আগের সংস্করণের তুলনায় নতুন মডেলে রয়েছে হালকা কাঠামো, উন্নত ক্যামেরা ব্যবস্থা এবং আরও মানবসদৃশ নকশা।

প্রতিবেদনে বলা হয়েছে, অপটিমাসের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা পাঁচ লাখ ঘণ্টার বেশি বাস্তব পরিবেশের তথ্য ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে। তবে রোবটটি এখনো সাধারণ উদ্দেশ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম নয়। নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করে এবং মানুষের তত্ত্বাবধানে টেসলার কারখানা ও পরীক্ষামূলক এলাকায় এটি ব্যবহার করা হচ্ছে।

অপটিমাসের বর্তমান সংস্করণকে এখনো চূড়ান্ত ভোক্তা পণ্য হিসেবে বিবেচনা করছে না টেসলা। রোবটটির স্থায়িত্ব ও যান্ত্রিক সক্ষমতায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে। তাই শুরুতেই সরাসরি বিক্রির পরিবর্তে নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের কাছে রোবট ভাড়া দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে এমন গুদাম বা শিল্পপ্রতিষ্ঠানকে বেছে নেওয়া হতে পারে, যেখানে টেসলার নিজস্ব কারখানার মতো নিয়ন্ত্রিত পরিবেশ রয়েছে। এতে প্রয়োজন হলে টেসলা রোবটগুলো ফিরিয়ে এনে যান্ত্রিক উন্নয়ন করতে পারবে। একই সঙ্গে বাস্তব কর্মপরিবেশ থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করে রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকেও আরও উন্নত করার সুযোগ থাকবে।

উৎপাদন বাড়ানোর পথে এসব জটিলতা থাকলেও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক অপটিমাসকে কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পণ্য হিসেবে দেখছেন। পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি হলে ২০২৭ সালের শেষ নাগাদ অপটিমাসের বাণিজ্যিক বিক্রি শুরু হতে পারে বলে তিনি আশা করছেন।

তবে সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মানুষের হাতের মতো জটিল ও সূক্ষ্ম কাঠামো ব্যাপক পরিসরে নির্ভরযোগ্যভাবে তৈরি করতে পারাই টেসলার জন্য অন্যতম বড় পরীক্ষায় পরিণত হয়েছে।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত