জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের এই বিশেষ সেবায় অর্থের বিনিময়ে পাওয়া যাবে নতুন ও আকর্ষণীয় সব ফিচার। তবে যারা বিনা মূল্যে ব্যবহার করছেন, তাদের জন্য বার্তা আদান-প্রদান ও ফোনকলের সুবিধা আগের মতোই চালু থাকবে।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘ডব্লিউএ বেটা ইনফো’ (WA Beta Info) জানিয়েছে, শুরুতে সীমিতসংখ্যক আইফোন (iOS) ব্যবহারকারীর জন্য এই সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। খুব শীঘ্রই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
হোয়াটসঅ্যাপ প্লাস গ্রাহকরা সাধারণ ব্যবহারকারীদের চেয়ে বাড়তি কিছু বিশেষ সুবিধা পাবেন:
অ্যাপ কাস্টমাইজেশন: ব্যবহারকারীরা তাদের পছন্দমতো থিম, ওয়ালপেপার এবং অ্যাপের আইকন পরিবর্তন করতে পারবেন।
রিংটোন ও স্টিকার: থাকছে এক্সক্লুসিভ স্টিকার প্যাক এবং প্রতিটি কন্টাক্টের জন্য আলাদা রিংটোন সেট করার সুবিধা।
আগে পাওয়ার সুযোগ: হোয়াটসঅ্যাপ ভবিষ্যতে যে সকল নতুন ফিচার যুক্ত করবে, তার স্বাদ হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহারকারীরা সবার আগে পাবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সেবাটি প্রথমে যুক্তরাষ্ট্রের বাজারে না এনে ইউরোপে চালু করা হবে। হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহার করতে প্রতি মাসে খরচ পড়বে প্রায় ২.৫ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬০ টাকার মতো।
মেটা মূলত হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি আয়ের পথ খুঁজছে। তবে সাধারণ গ্রাহকদের ভয়ের কিছু নেই, কারণ মূল অ্যাপটি আগের মতোই ফ্রি থাকছে। মূলত যারা তাদের চ্যাটবক্সকে সুন্দরভাবে সাজাতে এবং বাড়তি নিয়ন্ত্রণ চান, তাদের জন্যই এই ‘প্লাস’ ভার্সন।
শিক্ষার্থীদের জন্য সেরা ১০টি এআই টুল