সয়াবিন তেলের দাম বাড়লো, লিটার কত 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

বিশ্ববাজারের পরিস্থিতির অজুহাতে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার। 

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এই নতুন মূল্য তালিকা চূড়ান্ত করা হয়।

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সভা শেষে সাংবাদিকদের নতুন দামের বিস্তারিত জানান। নতুন তালিকা অনুযায়ী:
১. বোতলজাত সয়াবিন (১ লিটার): ১৯৯ টাকা (আগে ছিল ১৯৫ টাকা)।
২. বোতলজাত সয়াবিন (৫ লিটার): ১ হাজার ৪০ টাকা।
৩. খোলা (লুজ) সয়াবিন তেল: লিটারপ্রতি ১৭৯ টাকা।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামের ওঠানামা এবং বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রমজানের শুরু থেকেই বড় তেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করে রেখেছিল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে তারা সরকারের ওপর দাম বাড়ানোর চাপ তৈরি করে। শেষ পর্যন্ত সেই চাপের কাছেই নতিস্বীকার করলো বাণিজ্য মন্ত্রণালয়।

সয়াবিন তেলের এই দাম বাড়োনোর তীব্র সমালোচনা করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘ভোজ্যতেলের সরবরাহ ব্যবস্থায় বাস্তবে কোনো ঘাটতি নেই। ব্যবসায়ীরা কেবল বেশি মুনাফার জন্য যুদ্ধের অজুহাত দিচ্ছেন। দুঃখজনক হলো, বিশ্ববাজারে দাম বাড়লে সরকার দ্রুত দাম বাড়ায়, কিন্তু দাম কমলে তার সুফল ভোক্তারা পান না।’

FJ
আরও পড়ুন