ডিএসইতে চার ডিজিএমসহ একাধিক কর্মকর্তা চাকরিচ্যুত

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৯:১৩ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক বড় ধরনের প্রশাসনিক রদবদল ও চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির চারজন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে। অব্যাহতি পাওয়া চার শীর্ষ কর্মকর্তা হলেন, জেনারেল অ্যাডমিন বিভাগের ডিজিএম মো. আব্দুল লতিফ ও হোসনে আরা পারভীন, আইসিটি বিভাগের ডিজিএম শাহিন সারওয়ার এবং ইনভেস্টর প্রটেকশন ফান্ডের সমন্বয়ক ডিজিএম আব্দুর রাজ্জক।

ডিএসই সূত্রে জানা গেছে, এই চার শীর্ষ কর্মকর্তার পাশাপাশি প্রতিষ্ঠানটির দুজন সিনিয়র ম্যানেজার এবং নিচের পদের আরও দুজনকে চাকরিচ্যুত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর কর্মকর্তারা এই চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কতজনকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো সংখ্যা জানাতে পারেননি।

এদিকে হঠাৎ করে চার ডিজিএমসহ ওপরের ও নিচের সারির কর্মকর্তাদের এমন বিদায়ের পর প্রতিষ্ঠানটির অন্যান্য স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র চাকরিচ্যুতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অভিযোগ উঠেছে, এই কর্মকর্তাদের পাশাপাশি আরও কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করা হচ্ছে। এই গুঞ্জনে বর্তমানে ডিএসইর কর্মকর্তাদের মধ্যে দিন দিন চাকরি হারানোর ভয় গভীর হচ্ছে।

উদ্ভূত এই পরিস্থিতি এবং কর্মকর্তাদের চাকরিচ্যুতির বিষয়ে বিস্তারিত জানতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Attr/AHA
আরও পড়ুন