দেশের শেয়ারবাজারে টানা দ্বিতীয় কার্যদিবসেও ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও লেনদেনে গতি ফেরেনি। সোমবার (৬ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় উভয় বাজারের মূল্যসূচক ঊর্ধ্বমুখী অবস্থানে দিন শেষ করে। তবে একই সঙ্গে দুই বাজারেই আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।
দিনের শুরু থেকেই ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বাড়তে থাকে। সেই ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাকায় বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০০ পয়েন্টে পৌঁছেছে। পাশাপাশি বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ এক পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।
ডিএসইতে এদিন ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৫৫টির দর কমেছে এবং ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। তবে মূল্যসূচক বাড়লেও লেনদেনের গতি কমেছে। দিন শেষে বাজারটিতে মোট ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার তুলনায় ১১৩ কোটি ৫০ লাখ টাকা কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বাজারটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির শেয়ারের দাম বেড়েছে, ৯৩টির কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
তবে সিএসইতেও লেনদেনে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার বাজারটিতে মোট ১৬ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৬ কোটি ৯৩ লাখ টাকা। ফলে মূল্যসূচকে ঊর্ধ্বগতি থাকলেও বিনিয়োগকারীদের লেনদেনের আগ্রহে এখনও কাঙ্ক্ষিত গতি ফিরে আসেনি।
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
তেলের উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস