উৎসে কর কর্তনে দেশজুড়ে এনবিআর-এর নজরদারি জোরদার

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

উৎসে কর কর্তন-সংক্রান্ত বিধিপালন (উইথহোল্ডিং ট্যাক্স কমপ্লায়েন্স) নিশ্চিত করতে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন কর অঞ্চলে বিশেষ টিমের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা অনুযায়ী কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে প্রবেশ করে হিসাবের খাতা, ভাউচার, ব্যাংক হিসাবের বিবরণী, রসিদসহ সংশ্লিষ্ট নথিপত্র পরিদর্শন ও প্রয়োজন হলে তলব করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সংরক্ষিত তথ্যও যাচাই করার ক্ষমতা রয়েছে তাদের।

প্রয়োজনে উৎসে কর্তন করা করের তথ্য যাচাইয়ের জন্য নথিপত্র বা ইলেকট্রনিক রেকর্ড সাময়িকভাবে জব্দ, অনুলিপি সংগ্রহ এবং সরকারি সিল বা পরিচিতিমূলক চিহ্ন ব্যবহারেরও বিধান রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারা অনুযায়ী দায়িত্ব পালনকালে কর কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া বা সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এনবিআর করদাতাদের উৎসে কর্তন করা কর সঠিক অর্থনৈতিক কোড উল্লেখ করে ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ১৪৭ ধারা বাস্তবায়ন নিয়ে কোনো অস্পষ্টতা, জটিলতা বা হয়রানির অভিযোগ থাকলে [email protected] ই-মেইলে এনবিআরের ১৪৭ ধারা-সংক্রান্ত কমিটির সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

AHA
আরও পড়ুন