ইজিবাইক চালকদের জীবনমান উন্নয়নই আমাদের অন্যতম লক্ষ্য: শেখ আমিনউদ্দিন

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১১:১৩ এএম

আকিজ মোটরস ও আকিজ ব্যাটারির সিইও শেখ আমিনউদ্দিন বলেছেন, আসলে বিশ্বের ব্যাটারি শিল্পে যেসব প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে সিএটিএল, বিওয়াইডি , ইভিই এবং গোসান অন্যতম। আমরা যাদের কাছ থেকে ব্যাটারি সংগ্রহ করি, সেই গোসান বিশ্বের শীর্ষ পাঁচ ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি। তাদের পণ্যের মানকে আমি বিশ্বের সেরা বলব। তাই আমরা যে ব্যাটারি নিয়ে আসছি, তাতে কোনো বি-গ্রেড বা সি-গ্রেড সেল নেই।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কেটুনে ‘আকিজ ব্যাটারি বিজনেস ডেভেলপমেন্ট’ শীর্ষক কনফারেন্সে 'খবর সংযোগ'র সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের ব্যাটারিতে একটি স্মার্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস) ব্যবহার করা হয়েছে। এ কারণেই আমরা এটিকে ‘স্মার্ট ব্যাটারি’ বলি। অনেকেই বলবেন, সবার ব্যাটারিতেই বিএমএস থাকে। কিন্তু আমাদের বিএমএসে অতিরিক্ত অনেক সুবিধা যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীকে প্রতারিত হওয়া থেকে রক্ষা করবে। এর মাধ্যমে প্রকৃত সেলের তথ্য, সেলের তাপমাত্রা, ব্যাটারির তাপমাত্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পর্যবেক্ষণ করা যায়। এসব বৈশিষ্ট্যের সমন্বয়ে এটি বাংলাদেশের সর্বোচ্চ মানের ব্যাটারি হবে বলে আমরা বিশ্বাস করি।

সিইও বলেন, আমরা সবদিক বিবেচনা করেই এই পণ্য তৈরি করেছি। আপনি জানেন, আকিজ প্রায় ৮০ বছর ধরে সুনামের সঙ্গে বাংলাদেশে ব্যবসা করছে। তাদের প্রতিটি পণ্যই গুণগত মানের কারণে বাজারে সমাদৃত। তাই আকিজ স্মার্ট ব্যাটারিও সর্বোচ্চ মান বজায় রেখেই বাজারে আনা হয়েছে। অনেকে বলতে পারেন, আমাদের ব্যাটারির দাম তুলনামূলক বেশি। বিষয়টি একটি আইফোন ও সাধারণ একটি স্মার্টফোনের দামের পার্থক্যের মতো। একটি আইফোনের দাম যেখানে এক লাখ টাকা, সেখানে অন্য অনেক স্মার্টফোনের দাম ২০ থেকে ২৫ হাজার টাকা। আমরা যেহেতু গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করি না, তাই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। আমার বাবা সব সময় বলতেন, “কোয়ালিটি ইজ নাম্বার ওয়ান.” সেই দর্শন থেকেই আমরা মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।

শেখ আমিনউদ্দিন আরও বলেন, তবে গোসান আমাদের কিছু ভর্তুকি (সাবসিডি) দিচ্ছে। সেই কারণে দেশের দরিদ্র ইজিবাইক ও মিশুক চালকদের কথা বিবেচনা করে আমরা ব্যাটারির দাম একটি সহনীয় পর্যায়ে রাখতে পেরেছি। তবে আগামী বছর থেকে মূল্য পরিবর্তন হতে পারে। বর্তমানে আমরা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি। যদিও আমাদের বিশ্বাস, এই ব্যাটারির রিপ্লেসমেন্টের সম্ভাবনা খুবই কম। কারণ ভারতে এই ব্যাটারি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং সেখানকার বড় বড় প্রতিষ্ঠান গোসানের ব্যাটারি ব্যবহার করছে। সেখানে ব্যাটারির ত্রুটির হার অত্যন্ত কম। তবুও আমরা ন্যূনতম তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি। এ সময়ের মধ্যে কোনো সমস্যা হলে ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাটারি পরিবর্তন করে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা এই উদ্যোগকে শুধু ব্যবসা হিসেবে দেখি না; এটি একটি সামাজিক উদ্যোগ। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার ধারণা থেকে অনুপ্রাণিত হয়েই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা এটিকে একটি সামাজিক বিপ্লব মনে করি। কারণ, প্রচলিত নিম্নমানের ব্যাটারি ব্যবহারে যেমন পরিবেশের ক্ষতি হয়, তেমনি সমাজও ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা লিথিয়াম ব্যাটারির ব্যবহারকে উৎসাহিত করছি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে।

তিনি আরও বলেন, ইজিবাইক ও মিশুক চালকদের অধিকাংশই নিম্নআয়ের মানুষ। অতীতে লিড-অ্যাসিড ব্যাটারি কিনতে গিয়ে তাদের অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সঞ্চয় করতে পারেননি। আমরা চাই, তাদের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখতে। আমাদের ব্যাটারি ব্যবহারকারীদের নিয়ে আমরা একটি বড় কমিউনিটি গড়ে তুলতে চাই। আমাদের ধারণা, আগামী পাঁচ বছরের মধ্যে এই পরিবারের সদস্যসংখ্যা প্রায় তিন কোটিতে পৌঁছাবে।

শেখ আমিনউদ্দিন বলেন, এই সদস্যদের জন্য আমরা বৃত্তি প্রদান, হাসপাতাল সুবিধা এবং আরও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করব। যারা আমাদের ব্যাটারি ব্যবহার করবেন, আমাদের গাড়ি কিনবেন কিংবা আমাদের সেবা গ্রহণ করবেন—তাদের নিয়েই এই কমিউনিটি গড়ে উঠবে। অর্থাৎ, গ্রিন এনার্জির মাধ্যমে যেমন মানুষের উপকার হবে, তেমনি সেই উপকারের সঙ্গে সমাজকল্যাণকেও আমরা যুক্ত করতে চাই। এ কারণেই আমরা এটিকে একটি সামাজিক উদ্যোগ হিসেবে বিবেচনা করি।

তিনি বলেন, এই প্রকল্পে তিনটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে—একটি ব্রিটিশ কোম্পানি, একটি চীনা কোম্পানি (গোসান) এবং বাংলাদেশের আকিজ ব্যাটারি ফ্যাক্টরি। তারা শুধু ব্যাটারি বাজারজাত করছে না; বরং বিশ্বমানের একটি অ্যাপও ব্যবহার করছে, যা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি লিজ ফাইন্যান্সিং ও ক্ষুদ্রঋণের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে একজন দরিদ্র ইজিবাইক বা মিশুক চালক সহজেই অর্থায়ন নিয়ে ব্যাটারি কিনতে পারেন।

শেখ আমিনউদ্দিন জানান, আকিজ, ব্লুমগো এবং গোসান—এই তিনটি বৃহৎ প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাংলাদেশে আধুনিক লিথিয়াম ব্যাটারির বাজার সম্প্রসারণের পাশাপাশি একটি টেকসই ও সামাজিকভাবে দায়বদ্ধ ইকোসিস্টেম গড়ে তোলার কাজ চলছে।

Maz
আরও পড়ুন