সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

দেশীয় বস্ত্রকলকে সুরক্ষা দিতে বন্ড সুবিধায় ১০-৩০ কাউন্টের কটন (তুলা) সুতা আমদানির সুবিধা প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই আদেশ স্থগিত করে তা অধিকতর পর্যালোচনার অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখা থেকে এনবিআরকে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে গত ৭ সেপ্টেম্বর এনবিআরের জারি করা আদেশটি অধিকতর পর্যালোচনার নিমিত্ত স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান (রপ্তানি-৮ শাখা) মোহাম্মদ খায়রুল আলমের সই করা চিঠিটি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এনবিআরের কাস্টমস রপ্তানি ও বন্ড শাখার দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামানের। এতে বল হয়, ‌‘বাংলাদেশ কাস্টমস ট্যারিফ-এর এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭ এর আওতায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানি সংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার নিমিত্ত স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে গত ৭ সেপ্টেম্বর এনবিআর ‘বাংলাদেশ কাস্টমস ট্যারিফ-এর এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানি’ বিষয়ে আদেশ জারি করে। এনবিআরের ওই আদেশে বলা হয়, টেক্সটাইল শিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও সমাধানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা গত ২০ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

এর পরিপ্রেক্ষিতে স্থানীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করার লক্ষ্যে বন্ড সুবিধা প্রত্যাহার করে ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকদের নির্দিষ্ট শর্তে কটন সুতা আমদানির সুযোগ দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে ছিল- বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএমএর প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে দাখিল করা। একই সঙ্গে আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ নিঃশর্ত ও অব্যাহত ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে বলা হয়। এছাড়া খালাস করা কাঁচামাল দিয়ে প্রস্তুত পণ্য সম্পূর্ণভাবে রপ্তানি হওয়ার পর সংশ্লিষ্ট লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করার কথা বলা হয়েছিল।

জেএম
আরও পড়ুন