বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ এএম

রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার বরাতে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আক্রমণ না চালানোর বিষয়ে সম্মত হওয়ায় বাজারে এই ইতিবাচক প্রভাব দেখা গেছে।

তবে ইউক্রেন-রাশিয়া পরিস্থিতির উন্নতি ঘটলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।

পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ১.৩৭ ডলার বা ১.৩১ শতাংশ কমে ১০৩.৩৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৩০ ডলার বা ১.৪২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৯০.৫৫ ডলারে লেনদেন হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের খবর তেল সরবরাহে সাময়িক স্বস্তি আনলেও মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তাপ বজায় থাকায় বিশ্ববাজারে তেলের দামের দীর্ঘমেয়াদি পতন এখনো অনিশ্চিত।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন