কর আদায় বাড়াতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসার খরচ কমাতে রিয়েল টাইম বাজারভিত্তিক লেনদেনে গুরুত্ব দিচ্ছে সরকার। জনগণ ও অর্থনীতিকে ভালো রাখাই রাজনৈতিক দলের দায়িত্ব। বিএনপি সেই কাজটিই করছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর-২ এ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, লোকাল এলসি সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক এই প্ল্যাটফর্ম চালু করেছে। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা জোরদার হবে এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে। পাশাপাশি বছরে প্রায় ছয় থেকে সাত মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে।
প্রাথমিকভাবে লোকাল এলসির তথ্য আদান-প্রদানে বার্তার পাশাপাশি সুইফট ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তী সময়ে বার্তার কার্যক্রম সম্পূর্ণরূপে কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার খরচ ও মূল্যস্ফীতি কমাতে সরকারের প্রচেষ্টায় সার্বিকভাবে সহযোগিতা করছে বাংলাদেশ ব্যাংক। এ সময় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক বক্তব্য দেন।
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে বিএনপির এমপির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ