শীতের রুক্ষতা শেষে যখন বসন্তের আগমন ঘটে, তখন নেদারল্যান্ডস যেন সেজে ওঠে এক রঙিন মলাটে। মাইলের পর মাইল বিস্তৃত টিউলিপের খেতগুলো পর্যটকদের কাছে পৃথিবীর অন্যতম সেরা আকর্ষণ। নেদারল্যান্ডস বিশ্বের বৃহত্তম টিউলিপ রপ্তানিকারক দেশ এবং এখানে টিউলিপ উৎসব কেবল একটি অনুষ্ঠান নয়, বরং একটি জীবনধারা।
স্থানীয় টিউলিপ বিশেষজ্ঞ এবং ফটোগ্রাফার নিয়েনকে পানিস-রিঙ্গার্সমার পরামর্শ অনুযায়ী, ২০২৬ সালের টিউলিপ মৌসুমের সেরা অভিজ্ঞতা পেতে আপনার জন্য রইল একটি পূর্ণাঙ্গ গাইড।
কেউকেনহফ গার্ডেন (Keukenhof): টিউলিপের রাজধানী

নেদারল্যান্ডস ভ্রমণে গেলে ‘কেউকেনহফ’ পরিদর্শন করা একপ্রকার আবশ্যিক। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই বাগানকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর বসন্তকালীন উদ্যান। এখানে প্রতি বছর প্রায় ৭০ লক্ষ ফুলের বাল্ব (পিপ) সম্পূর্ণ নিজ হাতে রোপণ করা হয়।
সময়: ২০২৬ সালে এটি ১৯ মার্চ থেকে ১০ মে পর্যন্ত খোলা থাকবে। তবে বিশেষজ্ঞের মতে, এপ্রিলের মাঝামাঝি সময়টি ভ্রমণের জন্য সেরা।
আকর্ষণ: ফুলেল প্রদর্শনী, উইন্ডমিল এবং বাগানের ভেতরে বিশেষ নৌ-ভ্রমণ (Whisper Boat)।
ব্লুমেনকোরসো (Bloemencorso): রাজকীয় ফুলের প্যারেড

টিউলিপ মৌসুমের সবচেয়ে বর্ণাঢ্য ইভেন্ট হলো এই ফুলের প্যারেড। প্রায় ২০টি বিশাল ফ্লোট (ভাসমান মঞ্চ) এবং বিলাসবহুল গাড়ি কয়েক লক্ষ ফুল দিয়ে সাজিয়ে প্যারেড করা হয়।
কখন: প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবারে এই প্যারেড অনুষ্ঠিত হয়। এটি নর্ডউইক থেকে হারলেম পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে।
টিপস: কেউকেনহফ এলাকা খুব ভিড় থাকায় সকালে সমুদ্রতীরবর্তী শহর ‘নর্ডউইক’ থেকে প্যারেড দেখা ভালো। শুক্রবার রাতে নর্ডউইকারহাউটে আলোকসজ্জিত ‘নাইট প্যারেড’ দেখার অভিজ্ঞতাও দারুণ।
টিউলিপ ফার্ম পরিদর্শন: যেখানে আপনিও মাঠে নামতে পারবেন

পর্যটকদের মনে রাখা জরুরি যে, নেদারল্যান্ডসের বাণিজ্যিক টিউলিপের খেতে অনুমতি ছাড়া প্রবেশ করা বা ফুল তোলা আইনত দণ্ডনীয়। জুতো থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে ফসলের ক্ষতি হতে পারে। তবে আপনি যদি সরাসরি মাঠে গিয়ে টিউলিপের ঘ্রাণ নিতে চান, তবে নির্দিষ্ট কিছু খামারে যেতে পারেন।
টিউলিপ এক্সপেরিয়েন্স (Noordwijkerhout): এখানে ১ কোটির বেশি টিউলিপ এবং ৭০০-র বেশি প্রজাতি রয়েছে। এছাড়া টিউলিপ দিয়ে তৈরি ভদকা, বিয়ার বা সাবানও কেনা যায়।
টিউলিপ বার্ন (Hillegom): এটি মূলত তরুণদের প্রিয় জায়গা যারা দারুণ সব ‘ইনস্টাগ্রাম উপযোগী’ ছবি তুলতে চান।
নিজের টিউলিপ নিজে তুলুন: শিশুদের জন্য দারুণ অভিজ্ঞতা

যদি পরিবারের শিশুদের নিয়ে টিউলিপ তোলার আনন্দ পেতে চান, তবে চলে যান ‘অ্যানেমিকে’স প্লাকটাইন’ (Annemieke's Pluktuin)-এ। এটি একটি নির্দিষ্ট ‘পিকিং গার্ডেন’ যেখানে আপনি নিজের পছন্দমতো টিউলিপ তুলে তার বাল্বসহ বাসায় বা হোটেলে নিয়ে আসতে পারেন।
হর্টাস বুলবোরাম (Hortus Bulborum): টিউলিপের জীবন্ত জাদুঘর

টিউলিপের ইতিহাস জানতে লিমেন শহরের এই ছোট বাগানটি অনন্য। এখানে ১৬শ শতাব্দী বা তারও আগের দুষ্প্রাপ্য টিউলিপ প্রজাতি সংরক্ষিত আছে। আধুনিক যুগের টিউলিপের তুলনায় এগুলোর আকার ও রঙে ভিন্নতা আপনাকে মুগ্ধ করবে। বাগানটি ছোট হলেও এখানকার অ্যাপল পাই এবং কফি পর্যটকদের কাছে খুব প্রিয়।
টিউলিপ কিন্তু নেদারল্যান্ডসের আদি ফুল নয়। এটি মূলত হিমালয় অঞ্চলের ফুল। ১৪০০-র দশকে এটি প্রথম তুরস্কে নিয়ে আসা হয় এবং ১৬শ শতাব্দীর শেষে নেদারল্যান্ডসে এর চাষ শুরু হয়।
হার্ট অ্যাটাক জয় করে বাইকে বিশ্ব ভ্রমণে ৭৭ বছরের স্টিভেন বারনেট
৪০ বছর ব্যবধানে একই স্থানে একই পোজে দুই প্রজন্ম
পর্যটক ও প্রবাসীদের জন্য সর্বশেষ গাইডলাইন
