রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ প্রযুক্তির দেড় শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে ভারত।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বিশাল অংকের এক সামরিক ক্রয় পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো কেনা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি এই তথ্য নিশ্চিত করেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সামরিক সক্ষমতা বাড়াতে কয়েক ধরনের সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হয়েছে।
এই তালিকায় কমব্যাট ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং উচ্চ উচ্চতায় সক্ষম হাই-অল্টিচ্যুড স্যুডো স্যাটেলাইট। সামগ্রিক এই সামরিক সরঞ্জাম কেনাকাটার জন্য ভারত প্রাথমিকভাবে প্রায় ৩ হাজার ৯০০ কোটি ডলারের বিশাল বাজেট বরাদ্দ করেছে।
বিবৃতিতে সরাসরি এস-৪০০ ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ না করে কৌশলে ‘কমব্যাট ক্ষেপণাস্ত্র’ বলা হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি স্পষ্ট করেছেন।
তারা জানিয়েছেন, ক্রয়তালিকায় থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে মূলত রাশিয়ার এস-৪০০ এবং পান্তশির এস-১ এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।
কর্মকর্তারা আরও জানান, ভারতের বিমান বাহিনী তাদের আকাশসীমা সুরক্ষায় মোট ২৮৮টি ক্ষেপণাস্ত্রের চাহিদাপত্র জমা দিয়েছিল। এর মধ্যে ১২০টি স্বল্প-পাল্লার পান্তশির এবং ১৬৮টি দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।
বিশ্বের অন্যতম নিখুঁত ও বিধ্বংসী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ভারতের কাছে মাত্র ৪টি রয়েছে এবং শিগগিরই আরও দুটি ভারতের হাতে এসে পৌঁছানোর কথা রয়েছে। সূত্র: আরটি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
