হরমুজ মিশনে অংশ না নেওয়ায় মিত্রদের সমালোচনায় ট্রাম্প

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১১:২৮ এএম

ইরানের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ নিরাপদ রাখতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের বহু দেশ এই পথ দিয়ে তেল আমদানি করে উপকৃত হলেও এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে তারা কার্পণ্য করছে।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে মিত্রদের নিরাপত্তা দিয়ে আসছে, কিন্তু এখন যৌথ মিশনে অংশ নিতে তারা আগ্রহ দেখাচ্ছে না। তিনি স্পষ্ট করে বলেন, এই নৌপথ নিরাপদ রাখা কেবল যুক্তরাষ্ট্রের নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।

এদিকে, গত সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ট্রাম্পের এই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস সংবাদ সম্মেলনে বলেন, “ইউরোপ এই উন্মুক্ত যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। কোনো সদস্য রাষ্ট্রই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সক্রিয় হতে ইচ্ছুক নয়।” ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিশ মের্ৎসও একই সুরে জানিয়েছেন, তারা এই সংকটের সামরিক নয় বরং রাজনৈতিক সমাধান চান।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’র জবাবে ইরান হরমুজ প্রণালিতে কঠোর বিধিনিষেধ জারি করেছে। ব্রিটিশ তথ্যমতে, গত ১৫ দিনে ইরানি হামলার শিকার হয়েছে ১২টিরও বেশি ট্যাংকার জাহাজ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় বর্তমানে বৈশ্বিক জ্বালানি বাজার চরম ঝুঁকির মুখে পড়েছে। একই সময়ে কিউবায় মার্কিন তেল অবরোধের ফলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে।

SN
আরও পড়ুন