যুদ্ধবিরতিতে সম্মত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

দীর্ঘ ২৪ দিনের ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির আভাস মিলছে। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আমেরিকার সাথে যুদ্ধ বন্ধ এবং আলোচনায় বসতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোত’ এবং ‘আরব নিউজ’-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক ঘোষণায় জানান, ইরানের একজন ‘সম্মানিত’ নেতার সাথে মার্কিন দূতরা আলোচনা করছেন এবং ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর সময়সীমা আরও পাঁচ দিন পিছিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা পাঁচ দিন সময় দিচ্ছি, দেখা যাক কী হয়। আমার মনে হয় এটি সবার জন্যই একটি ভালো চুক্তিতে পরিণত হতে পারে।”

তবে এই আলোচনার খবর নিয়ে ধোঁয়াশা কাটেনি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ আলোচনার খবর অস্বীকার করে একে ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর বলে অভিহিত করেছেন। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কথা ভাবলেও ইসরায়েল ইরান ও লেবাননে হামলা চালিয়ে যাবে।

এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই মঙ্গলবার ভোরে ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামিয়েছে ইরান। তেল আবিবের কেন্দ্রস্থলে ১০০ কেজি ওজনের একটি শক্তিশালী ওয়ারহেড আঘাত হেনেছে। এছাড়া সৌদি আরবে ১৯টি ইরানি ড্রোন ধ্বংসের দাবি করা হয়েছে। যুদ্ধের এই অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যপকভাবে ওঠানামা করছে। ট্রাম্পের আলোচনার খবরের পর তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নামলেও পরে তা আবারও ১০৪ ডলারে উঠে যায়।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত