দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ এএম

উত্তর কোরিয়া বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, চলতি সপ্তাহে তারা একাধিক নতুন অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হলো গুচ্ছ বোমা (Cluster-bomb) সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে নিজেদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ (KCNA) জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই পরীক্ষায় বিমান বিধ্বংসী অস্ত্র, ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র ব্যবস্থা এবং কার্বন-ফাইবার বোমার প্রদর্শনী করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, বুধবার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো ২৪০ থেকে ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে পতিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরীক্ষায় ব্যবহৃত হাসং-১১ (Hwasong-11) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার ইস্কান্দার মিসাইলের আদলে তৈরি। এটি রাডার ফাঁকি দিয়ে অত্যন্ত নিচু দিয়ে উড়তে সক্ষম। উত্তর কোরিয়া দাবি করেছে, গুচ্ছ বোমা সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্রটি ১৬ থেকে ১৭ একর এলাকা জুড়ে যেকোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তের মধ্যে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে।

কিম জং উন ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে সিউল এবং ওয়াশিংটনের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক স্থগিত রেখেছেন। পরিবর্তে তিনি রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক জোরদার করছেন। এরই ধারাবাহিকতায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র পিয়ংইয়ং সফরের কথা রয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়াকে তাদের "সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র" হিসেবে অভিহিত করা হয়েছে। এই সামরিক শক্তি প্রদর্শন কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে, যা দক্ষিণ কোরিয়ার শান্তি আলোচনার আশাকে ম্লান করে দিয়েছে। সূত্র: সিএনএন

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত