নিউইয়র্কগামী বিমানে শিশুর জন্ম, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৩৬ এএম

ক্যারিবিয়ান রাষ্ট্র জ্যামাইকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কগামী একটি বিমানে এক নারী যাত্রীর সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। 

 

মাঝ আকাশে জন্ম নেওয়া শিশুটি এবং তার মা বর্তমানে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে এয়ারলাইন কর্তৃপক্ষ। 

 

গত ৪ এপ্রিল ক্যারিবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট জ্যামাইকার কিংস্টন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। যাত্রাকালীন ওই নারী যাত্রীর প্রসব বেদনা শুরু হলে বিমানে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এয়ারলাইনস কর্মকর্তাদের সাহসিকতা ও দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং ওই নারী একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন।

 

নিউইয়র্কে অবতরণের পর একটি মেডিকেল টিম মা ও শিশুকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। 

 

শিশুর নাগরিকত্ব নিয়ে জটিলতা 

 

তবে এ ঘটনায় আনন্দের মাঝেও শিশুটির নাগরিকত্ব নিয়ে এক ধরনের আইনি ধোঁয়াশা তৈরি হয়েছে। এর পেছনে প্রধান দুটি কারণ হলো শিশুর মা-বাবার পরিচয় ও বিমানের অবস্থান। সর্বশেষ খবর অনুযায়ী, শিশুটির মা-বাবার নাগরিকত্ব সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। এদিকে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সময় বিমানটি ঠিক কোন দেশের আকাশসীমায় ছিল, সেটাও এখনো স্পষ্ট নয়।

 

এদিকে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী শিশুটি দুটি উপায়ে মার্কিন নাগরিকত্ব পেতে পারে। 

 

এক্ষেত্রে তার মা কিংবা বাবার মধ্যে অন্তত একজনকে আমেরিকার নাগরিক হতে হবে। এমনকি মা-বাবা আমেরিকান না হলেও যদি শিশুটি মার্কিন আকাশসীমার ভেতরে থাকা অবস্থায় বিমানে জন্মগ্রহণ করে, তাহলেও স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার দাবিদার হবে। সূত্র: সামা টিভি

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত