এবার ইকুয়েডরের ওপর কলম্বিয়ার ১০০ ভাগ শুল্ক আরোপ

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ এএম

প্রতিবেশী দেশ ইকুয়েডরের সাথে চরম বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনার জেরে এবার তাদের পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কলম্বিয়া।

শুক্রবার (১০ এপ্রিল) কলম্বিয়ার বাণিজ্য, শিল্প ও পর্যটন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার ইকুয়েডর সরকার কলম্বিয়ার পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এরই প্রতিক্রিয়ায় কলম্বিয়া তাদের আগের ৩০ শতাংশ শুল্ক বাড়িয়ে ইকুয়েডরের সমান (১০০ শতাংশ) করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাণিজ্য ঘাটতি এবং মাদক পাচার দমনে কলম্বিয়ার ভূমিকা নিয়ে ইকুয়েডরের অভিযোগকে কেন্দ্র করে এই সংকটের সূত্রপাত।

বাণিজ্যিক লড়াইয়ের পাশাপাশি দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যেও রাজনৈতিক সংঘাত তুঙ্গে। ইকুয়েডরের ডানপন্থী প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়ার সাথে কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সম্পর্ক এখন তলানিতে।

ইকুয়েডরের সাবেক ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাসকে কারাবন্দী করার সমালোচনা করেছিলেন পেত্রো, যা নোবোয়া তাঁর দেশের সার্বভৌমত্বের ওপর ‘আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।

গত মাসে কলম্বিয়া সীমান্তে ইকুয়েডরের চালানো একটি বোমা হামলা নিয়েও দুই দেশের মধ্যে তীব্র বাদানুবাদ চলছে।

এদিকে কলম্বিয়ার বাণিজ্যমন্ত্রী ডায়ানা মোরালেস শুক্রবার জানান, তাঁরা সব ধরনের কূটনৈতিক চেষ্টা চালিয়েও ইকুয়েডরের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি।

তিনি বলেন, 'সীমান্তের দুই পাড়ের মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থে আমরা আলোচনার পথ খোলা রেখেছিলাম। কিন্তু ইকুয়েডরের অনড় অবস্থানের কারণে আমরা তাৎক্ষণিকভাবে এই পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।' সূত্র: আল জাজিরা

YA/SN
আরও পড়ুন