যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এই ঘোষণা দেন।

ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে নতুন করে আলোচনার পথ বন্ধ হয়ে গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই বলেন, গত ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও যুক্তরাষ্ট্র শুরু থেকেই তা ভঙ্গ করে আসছে। বিশেষ করে নৌ-অবরোধ আরোপ করার মাধ্যমে মার্কিনিরা সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করেন তিনি। বিষয়টি ইতোমধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকেও জানিয়েছে তেহরান।

বাঘেই আরও উল্লেখ করেন, গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় ইরান তাদের ১০ দফা দাবি উত্থাপন করেছিল। কিন্তু আলোচনা চলাকালেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে—যা ইরান ভুলেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করতে চায়, তবে ইরানের সশস্ত্র বাহিনী তার দাঁতভাঙা জবাব দেবে।'

লেবাননের কথা উল্লেখ করে এই কূটনীতিক জানান, যুদ্ধবিরতিতে লেবাননও যুক্ত থাকবে বলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছিল, যা পরবর্তীতে ওয়াশিংটন অস্বীকার করেছে। তিনি আরও মনে করিয়ে দেন যে, যুদ্ধের আগে হরমুজ প্রণালি সম্পূর্ণ নিরাপদ ছিল।

এদিকে, ইরান আলোচনায় না বসার চূড়ান্ত ইঙ্গিত দিলেও পাকিস্তান দ্বিতীয় দফার আলোচনার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়েছে। তবে ইরানের অনুপস্থিতিতে এই কূটনৈতিক উদ্যোগ কতটুকু সফল হবে, তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন