ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা চলাকালীন এক চাঞ্চল্যকর প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। তিনি লেবানন সরকারকে আহ্বান জানিয়েছেন, দেশটিকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হওয়া থেকে বাঁচাতে এবং হিজবুল্লাহকে নির্মূল করতে দুই দেশ যেন একে অপরকে সহযোগিতা করে।
বুধবার (২২ এপ্রিল) ইসরায়েলের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেরুজালেমে বিদেশি কূটনীতিকদের এক সভায় দেওয়া ভাষণে তিনি এই প্রস্তাব দেন।
পররাষ্ট্রমন্ত্রী সার বলেন, ‘আগামীকাল বুধবার ওয়াশিংটনে আমাদের দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ ফের শুরু হতে যাচ্ছে। লেবানন সরকারের প্রতি আমার বিনীত আহ্বান-যে হিজবুল্লাহ আপনাদের প্রিয় মাতৃভূমিকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে, আসুন সেই গোষ্ঠীটিকে নির্মূল করতে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করি।’
তিনি আরও যোগ করেন, ‘এই সহযোগিতা আমাদের চেয়ে আপনাদের জন্য বেশি প্রয়োজন। এই সাহসী পদক্ষেপ নিতে নৈতিক সততা এবং ঝুঁকির প্রয়োজন থাকলেও, দুই দেশের শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য এর কোনো বিকল্প নেই।’
১৯৮২ সালে প্রতিষ্ঠিত ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র সংগঠন। লেবাননের প্রকাশ্য রাজনীতিতে তারা সরাসরি অংশ না নিলেও দেশটির ক্ষমতার ওপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে লেবাননেও ব্যাপক বিমান ও স্থল হামলা চালায় ইসরায়েল। টানা ৪৫ দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে লেবাননে প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
চরম উত্তেজনার মাঝে গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও লেবানন। এই বিরতিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে বর্তমানে ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক চলছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এই নতুন প্রস্তাব সেই আলোচনার মোড় কোন দিকে নেয়, এখন সেটিই দেখার বিষয়।
হরমুজে ইরানি জলসীমায় দুই জাহাজ আটক
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে আইআরজিসির গোলাবর্ষণ