ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার গোপন সামরিক অভিযান নিয়ে বাজি ধরে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সেনাসদস্য অভিযানের গোপন তথ্য ব্যবহার করে অনলাইনে বাজি ধরে প্রায় ৪ লাখ মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা) জিতে নেন।
সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সেনাসদস্যের নাম গ্যানন কেন ভ্যান ডাইক, যিনি মার্কিন সামরিক বাহিনীর একজন মাস্টার সার্জেন্ট। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত অভিযোগপত্র অনুযায়ী, ভ্যান ডাইক ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামক গোপন অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি গত ডিসেম্বরে ‘পলিমার্কেট’ নামে একটি প্রেডিকশন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে বাজি ধরেন যে, জানুয়ারির মধ্যে মাদুরো ক্ষমতাচ্যুত হবেন।
প্রসিকিউটররা জানিয়েছেন, ভ্যান ডাইক জানতেন কখন এবং কীভাবে অভিযানটি পরিচালিত হবে। তিনি মোট ১৩টি বাজি ধরেন, যার শেষটি ছিল অভিযানের ঠিক কয়েক ঘণ্টা আগে। বাজিতে জিতে যাওয়ার পর তিনি সেই অর্থ গোপন করতে বিদেশি ক্রিপ্টোকারেন্সি ভল্ট ব্যবহার করেন এবং পরে তা একটি অনলাইন ব্রোকারেজ অ্যাকাউন্টে স্থানান্তর করেন।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন বলেন, `যাদের ওপর দেশের গোপন তথ্য রক্ষার দায়িত্ব দেওয়া হয়, তারা সেই তথ্য নিজেদের আর্থিক লাভের জন্য ব্যবহার করতে পারেন না।' বর্তমানে ফোর্ট ব্র্যাগে কর্মরত এই সক্রিয় সেনাসদস্যের বিরুদ্ধে গোপন সরকারি তথ্য চুরি, জালিয়াতি এবং তথ্য অপব্যবহারসহ পাঁচটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
আদালতের নথিতে একটি ছবিও যুক্ত করা হয়েছে, যেখানে অভিযানের পর ভ্যান ডাইককে একটি জাহাজের ডেকে রাইফেল হাতে অন্য সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় জালিয়াতি ও চুরির দায়ে তাঁকে নর্থ ক্যারোলিনার আদালতে হাজির করা হবে। সামরিক এই কর্মকর্তার এমন অনৈতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রে সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সূএ: সিএনএন
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে ওষুধের দাম আকাশচুম্বী; সংকটে উন্নয়নশীল দেশগুলো
গ্রিসের ক্রিট দ্বীপে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প