ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা, নিহত ১০

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ এএম

ইউক্রেন জুড়ে রাশিয়ার চালানো এক বিশাল ড্রোন ও মিসাইল হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রাশিয়ার এই আক্রমণ চলাকালে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার আকাশসীমায় ব্রিটিশ বিমানবাহিনীর ‘টাইফুন’ যুদ্ধবিমান মোতায়েন করা হয়।

ইউক্রেনীয় বিমানবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) রাত থেকে শুরু করে শনিবার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত রুশ বাহিনী একযোগে ৬১৯টি ড্রোন এবং ৪৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ইউক্রেন ৫৮০টি ড্রোন এবং ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। এই হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল নিপ্রো শহর।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা জানিয়েছেন, নিপ্রোতে তিন দফায় চালানো ঢেউয়ের মতো আক্রমণে একটি বহুতল আবাসিক ভবন পুরোপুরি ধসে পড়েছে। উদ্ধারকাজ চলাকালীন দ্বিতীয়বার হামলা চালানোয় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

রাশিয়ার এই হামলার সময় ড্রোনগুলো ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার সীমান্তের খুব কাছাকাছি চলে আসে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাডারে ড্রোনের উপস্থিতি টের পেয়ে রাত ২টায় রোমানিয়ার ফেটেস্টি বিমানঘাঁটি থেকে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর দুটি ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান উড্ডয়ন করে। পাইলটদের ড্রোন ধ্বংস করার চূড়ান্ত অনুমতিও দেওয়া হয়েছিল। রোমানিয়ার ভূখণ্ডে ড্রোনের কিছু ধ্বংসাবশেষ পড়ে একটি বিদ্যুৎ খুঁটি ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজারবাইজানে অবস্থান করছিলেন। সেখান থেকে এক বার্তায় তিনি বলেন, 'এই ভয়াবহ হামলা আবারও মনে করিয়ে দেয় যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত শক্তিশালী করা কতটা জরুরি।' তিনি বর্তমানে আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করছেন।

YA
আরও পড়ুন