ইরানের বিরুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ এএম

যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ব্যবহার করছে। 

রোববার (২৬ এপ্রিল) ভোরবেলা এই আগুনের ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারশায়ার লাইভ-এর প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভোররাতে আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি সেবা সংস্থার বেশ কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়। 

অগ্নিনির্বাপক বাহিনীর দ্রুত তৎপরতায় আগুন বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারেনি বলে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রয়্যাল এয়ার ফোর্সের নিজস্ব কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও নিশ্চিত হওয়া গেছে।

তবে ওই বিমানঘাঁটিতে বর্তমানে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। 

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

এই অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কিন বিমান বাহিনীর চলমান সামরিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

HN
আরও পড়ুন