ভারতে হাসপাতালের দেয়াল ধসে নিহত ৭

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ এএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একটি হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) শহরটির বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় ৮ ফুট উঁচু একটি দেওয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের তীব্র গরমের পর বুধবার বেঙ্গালুরুতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে। প্রবল বৃষ্টিপাত, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই দুর্যোগের মধ্যেই হাসপাতালের পুরোনো সীমানা প্রাচীরটি রাস্তার ওপর ধসে পড়ে।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিশু এবং ফুটপাতের চারজন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন।

তিনি আরও জানান, এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাঁদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের মধ্যে এক নারীকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে অত্যন্ত ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবারের এই আকস্মিক বৃষ্টি শহরবাসীকে গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়া এবং ব্যাপক জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। হাসপাতালের দেওয়াল ধসের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

YA
আরও পড়ুন