`মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের অবস্থান ন্যায়সঙ্গত’

আপডেট : ০৩ মে ২০২৬, ১১:০০ এএম

ইরানি তেল কেনার অভিযোগে পাঁচটি চীনা শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেইজিংয়ের পাল্টা ব্যবস্থা গ্রহণকে ‘ন্যায়সঙ্গত এবং আত্মরক্ষামূলক’ হিসেবে বর্ণনা করেছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘চায়না ডেইলি’ এক নিবন্ধে এই মন্তব্য করেছে। সম্প্রতি হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনারিসহ পাঁচটি প্রতিষ্ঠানের ওপর ওয়াশিংটন এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

চায়না ডেইলির লেখক লি ইয়াং এক নিবন্ধে যুক্তি দিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই একতরফা নিষেধাজ্ঞার পেছনে জাতিসংঘের কোনো অনুমোদন নেই। ফলে এটি আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র কেবল নির্দিষ্ট কিছু কোম্পানিকে লক্ষ্যবস্তু করছে না, বরং তারা সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যকার দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বাণিজ্যের ওপর নিজের এখতিয়ার বা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।”

নিবন্ধে আরও উল্লেখ করা হয় যে, ওয়াশিংটন দীর্ঘকাল ধরে ডলারের আধিপত্যকে কাজে লাগিয়ে অন্য দেশের ওপর নিষেধাজ্ঞার খড়্গ ঝুলিয়ে দিয়েছে। বর্তমানে ‘সেকেন্ডারি স্যাংশন’ বা কালো তালিকাভুক্ত পক্ষের সঙ্গে লেনদেনকারী প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া মার্কিন কূটনীতির একটি নিয়মিত হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতির প্রেক্ষিতে চীন একটি স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে। লি ইয়াংয়ের মতে, বেইজিংয়ের বার্তা খুবই পরিষ্কার: “চীনা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের কোনো অবৈধ নিষেধাজ্ঞা মেনে চলবে না।” চীনের এই পাল্টা আইনি ব্যবস্থা বা নিষেধাজ্ঞা অমান্য করার নির্দেশকে বিশেষজ্ঞরা ওয়াশিংটনের ‘লং-আর্ম জুরিসডিকশন’ বা বৈশ্বিক খবরদারির বিরুদ্ধে একটি শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত