'বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান'

আপডেট : ০৩ মে ২০২৬, ১১:০৭ এএম

যুক্তরাষ্ট্রের সামনে এখন দুটি পথ খোলা—হয় তারা কূটনীতির মাধ্যমে শান্তি স্থাপন করবে, না হয় সংঘাতের পথ বেছে নেবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি শনিবার (২ মে) তেহরানের এমন কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বল এখন ওয়াশিংটনের কোর্টে এবং ইরান যেকোনো পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে।

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান সম্প্রতি ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই প্রস্তাবটি পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন, যদিও এর গ্রহণযোগ্যতা নিয়ে তিনি গভীর সংশয় প্রকাশ করেছেন।

ট্রাম্পের দাবি, ইরান এমন কোনো প্রস্তাব দিতে পারে যা গ্রহণযোগ্য হবে, তা তিনি কল্পনাও করতে পারেন না। এমনকি ইরান ‘দুর্ব্যবহার’ করলে ফের হামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি।

রয়টার্সের তথ্যমতে, ইরানের প্রস্তাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। বিতর্কিত পারমাণবিক প্রকল্প নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিলেও ট্রাম্প প্রাথমিকভাবে এতে অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্পের মতে, তিনি এমন কোনো সমঝোতা চান না যাতে আগামী তিন বছরের মধ্যে ফের হামলার প্রয়োজন পড়ে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বর্তমানে সাময়িক বিরতিতে রয়েছে। মার্কিন আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ছয় মাসের বেশি সামরিক অভিযান চালাতে পারেন না। ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, বর্তমানে মানবিক কারণে তিনি নতুন পদক্ষেপ নিচ্ছেন না, তবে ইরানের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে ভবিষ্যতের গতিপ্রকৃতি। সূত্র: আনন্দবাজার

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত