ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে বিনিয়োগকারীদের সংশয়

আপডেট : ০৪ মে ২০২৬, ১২:৫২ পিএম

হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার পরও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম আজ সকালে প্রায় অপরিবর্তিত বা স্থবির অবস্থায় রয়েছে। 

বাজার বিশ্লেষকদের মতে, ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকট নিরসনে ট্রাম্পের এই পরিকল্পনা কতটা কার্যকর হবে, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে।

জিএমটি সময় ভোর ৫টা পর্যন্ত জুলাই মাসের জন্য ব্রেন্ট ফিউচার্সের দাম ছিল প্রতি ব্যারেল ১০৮.১১ ডলার, যা আগের তুলনায় মাত্র ০.০৬ শতাংশ কম। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্পার্টার জ্যেষ্ঠ তেল বাজার বিশ্লেষক জুন গোহ আল জাজিরাকে বলেন, ট্রাম্পের এই পরিকল্পনা মূলত আটকে পড়া নাবিকদের উদ্ধার করার দিকেই বেশি নিবদ্ধ বলে মনে হচ্ছে। এটি হরমুজ প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় সচল করার জন্য যথেষ্ট নয়।

জুন গোহ আরও জানান যে, বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। রাজনৈতিক বিবৃতির চেয়ে বাজারের এই প্রকৃত চিত্রই এখন ব্যবসায়ীদের বেশি ভাবিয়ে তুলছে। তার মতে, হরমুজ প্রণালী দিয়ে তেলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা ‘প্রজেক্ট ফ্রিডম’-এর অফারের চেয়ে অনেক বেশি জটিল এবং এই বিশাল সরবরাহ ঘাটতি মিটিয়ে বাজার স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি উন্মুক্ত না হওয়া পর্যন্ত তেলের বাজারে অস্থিরতা কাটবে না। ফলে ট্রাম্পের এই উদ্যোগকে ব্যবসায়ীরা কেবল একটি সাময়িক মানবিক পদক্ষেপ হিসেবেই দেখছেন, যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমাধানের জন্য পর্যাপ্ত নয়।

SN
আরও পড়ুন