ইরানের সঙ্গে তেল বাণিজ্যের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের ৫টি তেল শোধনাগারকে নতুন করে ঋণ দেওয়া স্থগিত রাখতে দেশের বড় ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে চীনের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা। ‘সংশ্লিষ্ট সূত্রের’ বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ন্যাশনাল ফিন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন (NFRA) বড় বাণিজ্যিক ব্যাংকগুলোকে মৌখিকভাবে জানিয়েছে যে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই ৫টি শোধনাগারের অনুকূলে কোনো নতুন ঋণ বা ইউয়ান-ভিত্তিক ক্রেডিট লাইন ইস্যু করা যাবে না। তবে ব্যাংকগুলোকে বিদ্যমান ঋণগুলো এখনই ফেরত নেওয়ার (Call in) কোনো নির্দেশ দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ গত মাসের শেষের দিকে চীনের যেসব বেসরকারি বা 'টিপট' (Teapot) শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার মধ্যে অন্যতম হলো:
- হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি।
- শানডং শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল।
- শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ।
- হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ।
- শানডং শেংক্সিং কেমিক্যাল।
এই পদক্ষেপটি বেইজিংয়ের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে, গত ২ মে চীনের বাণিজ্য মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক নির্দেশ জারি করে কোম্পানিগুলোকে মার্কিন নিষেধাজ্ঞা ‘উপেক্ষা’ করতে বলেছিল। অন্যদিকে, আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকগুলোকে সতর্ক করছে যাতে তারা মার্কিন ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞার কবলে না পড়ে। কারণ, বড় ব্যাংকগুলো মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়লে চীনের সামগ্রিক অর্থনীতি ও ডলার লেনদেন ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে।
আগামী ১৪-১৫ মে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে পরিকল্পিত শীর্ষ বৈঠকের ঠিক আগেই এই ঘটনাটি দুই দেশের সম্পর্কে নতুন করে স্নায়ুচাপ তৈরি করেছে। সূত্র: ব্লুমবার্গ ও আলজাজিরা