ইসরায়েলে প্রাণঘাতী হান্টাভাইরাস শনাক্ত, আতঙ্কে স্বাস্থ্য বিভাগ

আপডেট : ০৮ মে ২০২৬, ০৭:০১ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলে বিরল ও অত্যন্ত বিপজ্জনক ‘হান্টাভাইরাস’ (Hantavirus)-এ আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি পূর্ব ইউরোপ সফর করে এসেছেন এবং সেখান থেকেই তিনি এই মরণঘাতী ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ সফর থেকে ফেরার কয়েক মাস পর ওই ব্যক্তির শরীরে হান্টাভাইরাসের উপসর্গ দেখা দেয়। প্রথমে অ্যান্টিবডি পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লেও পরে পিসিআর (PCR) টেস্টের মাধ্যমে চিকিৎসকরা নিশ্চিত হন যে তিনি হান্টাভাইরাসে আক্রান্ত। তবে স্বস্তির বিষয় হলো, রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) নেওয়ার প্রয়োজন পড়েনি। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ইসরায়েলে হান্টাভাইরাস পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে প্রায় এক দশক আগে দক্ষিণ আমেরিকা থেকে ফেরা কয়েকজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, এবারের ভাইরাসটি ইউরোপীয় ধরনের, যা দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়া অতি-ঝুঁকিপূর্ণ ‘অ্যান্ডিজ’ ভাইরাসের তুলনায় কিছুটা কম শক্তিশালী।

হান্টাভাইরাস মূলত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। আক্রান্ত প্রাণীর মূত্র, লালা বা বিষ্ঠা থেকে বাতাসে ছড়িয়ে পড়া সূক্ষ্ম কণার সংস্পর্শে এলে মানুষ এই ভাইরাসে সংক্রমিত হতে পারে। এর প্রাথমিক লক্ষণগুলো সাধারণ জ্বরের মতো হলেও পরবর্তীতে এটি মারাত্মক শ্বাসকষ্ট (HPS) বা কিডনি বিকল হওয়ার মতো জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। বর্তমানে এই ভাইরাসের সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক বা চিকিৎসা নেই।

ইসরায়েলে এই ভাইরাস শনাক্তের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং আমেরিকার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (CDC) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আর কেউ এসেছেন কি না, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে চিকিৎসকরা সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

FJ
আরও পড়ুন