মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির মাঝে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও ওমান সংলগ্ন মকরান সাগরে এক ইরানি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। গত রাতে সংঘটিত এই আকস্মিক আক্রমণে অন্তত ১০ জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও ৫ জন সাগরে নিখোঁজ রয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এই খবর নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মিনাউ কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানে মার্কিন নৌবাহিনী। হামলার পরপরই কার্গো জাহাজটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। ঘটনার সময় জাহাজটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্বরত ছিলেন। তাদের মধ্যে আহত ১০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাগরে তলিয়ে যাওয়া বা নিখোঁজ থাকা বাকি ৫ জন নাবিকের সন্ধানে ইরানি উদ্ধারকারী দল এবং বিশেষ অনুসন্ধানকারী বাহিনী মকরান সাগরে বড় ধরণের অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি।
বিস্ফোরক এই হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা ব্যাখ্যা পাওয়া যায়নি। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজের ওপর এমন সরাসরি আক্রমণ পরিস্থিতিকে আরও অনিয়ন্ত্রিত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমান সাগর ও হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি এখন চরম থমথমে। সূত্র: আল-জাজিরা ও মেহর নিউজ।
হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা