শুভেন্দু অধিকারীর ঘুস নেওয়ার পুরনো ভিডিও ঘিরে চাঞ্চল্য

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) বিধানসভা নির্বাচনে বিশাল জয়ের পর রাজ্যের শাসনভার গ্রহণ করেন তিনি। তবে এই আনন্দ উৎসবের আবহেই নতুন মুখ্যমন্ত্রীর জন্য অস্বস্তি বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিও।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে শুভেন্দু অধিকারীকে পাঁচ লাখ রুপি ঘুস নিতে দেখা গেছে বলে জোরালো দাবি করা হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, এক সময় খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ভিডিওটি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন।

রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে, শপথ গ্রহণের এই মাহেন্দ্রক্ষণেই বিরোধীরা পুরোনো এই ইস্যুটিকে হাতিয়ার করে নতুন মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে যখন শুভেন্দু অধিকারী নতুন যাত্রা শুরু করছেন, তখন এই ভিডিওটি তাঁর জন্য এক বড় ধরণের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে ভিডিওটি। জানা যায়, ভিডিওটি বছর দশেক আগে নারদ স্টিং অপারেশনের সময়কার। ওই সময় শুভেন্দু তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন। তিনিসহ তৃণমূলের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে ঘুসগ্রহণের অভিযোগ উঠেছিল ওই সময়।

বিজেপির ইউটিউব চ্যানেলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশনের সেই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের এক জনসভায় বিষয়টি তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদীও। তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেছিলেন, ‘টিভিতে সবাই দেখেছে কীভাবে নেতারা ক্যামেরার সামনে ঘুস নিচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ এদের ক্ষমা করবে না।’

২০২০ সালে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সেই ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। সূত্র: এনডিটিভি, টেলিগ্রাফ ইন্ডিয়া, এবিপি।

YA
আরও পড়ুন