লেবাননে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা

‘অ্যাম্বুলেন্সে অস্ত্র বহনের দাবি ভিত্তিহীন’

আপডেট : ১১ মে ২০২৬, ০৯:৪৩ এএম

লেবাননের স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা এবং অ্যাম্বুলেন্স ব্যবহারের অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ও ‘প্রমাণহীন’ বলেছেন বিশিষ্ট সার্জন ডক্টর তাহির মোহাম্মদ। লেবানন এবং গাজা উভয় অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক জানিয়েছেন, হিজবুল্লাহ অ্যাম্বুলেন্স ব্যবহার করে অস্ত্র পরিবহন করছে এমন দাবির কোনো অস্তিত্ব তিনি দেখেননি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর তাহির বলেন, ইসরায়েলি বাহিনীর এই দাবিগুলো আসলে স্বাস্থ্যসেবা খাতের ওপর হামলাকে বৈধতা দেওয়ার একটি অপকৌশল মাত্র। তিনি সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, কদিন আগে লেবাননে একজন নারী সাংবাদিক হামলার শিকার হন। উদ্ধারকারী ও অ্যাম্বুলেন্স কর্মীরা তার কাছে পৌঁছাতে চাইলে তাদের বাধা দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। সেখানে অ্যাম্বুলেন্স বাধা দেওয়ার পেছনে তাদের কী যুক্তি ছিল?

তিনি আরও মনে করিয়ে দেন যে, গাজাতেও একইভাবে অ্যাম্বুলেন্স কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। উদ্ধারকাজে যাওয়া স্বাস্থ্যকর্মীদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনাও বিশ্ব দেখেছে। ডক্টর তাহিরের মতে, গাজায় তার অনেক সহকর্মীকে ইসরায়েলি অস্ত্রে প্রাণ হারাতে দেখেছেন এবং বর্তমানে লেবাননেও একই ‘টার্গেটিং পলিসি’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বানানোর নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, এসব অজুহাতের কোনো গ্রহণযোগ্যতা বা ওজন নেই।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক। কিন্তু লেবাননের দক্ষিণ অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক অ্যাম্বুলেন্স এবং চিকিৎসাকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। চিকিৎসকদের দাবি, ইসরায়েল পদ্ধতিগতভাবে লেবাননের স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চাইছে, যা যুদ্ধের ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ডক্টর তাহির মোহাম্মদসহ সেখানে কর্মরত চিকিৎসকরা।

সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন