১২ দফা দাবিতে ঝিনাইদহে ওজোপাডিকো কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট : ২৭ জুন ২০২৬, ০২:১৩ পিএম
অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ ব্যবস্থা বাতিল, স্থায়ী নিয়োগ চালু এবং নতুন পে-স্কেল বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২৭জুন) সকালে ঝিনাইদহে ওজোপাডিকোর কার্যালয় চত্বরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনরত কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াবুল হক। এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুববিষয়ক সম্পাদক জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওজোপাডিকোতে জনবল সংকট ও পদসংক্রান্ত নানা জটিলতা বিরাজ করছে। অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদের সংখ্যা বৃদ্ধি, আউটসোর্সিং ও অস্থায়ী নিয়োগ ব্যবস্থা বাতিল এবং যোগ্য কর্মীদের স্থায়ী নিয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে পে-স্কেল বাস্তবায়নসহ বারো দফা দাবি দ্রুত কার্যকর করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
নেতারা আরও বলেন, কর্মীদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
MCH/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত